অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মতি না নেওয়া এবং পর্যাপ্ত তথ্য না দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইতালি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকা।
ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকের একটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও থেকে কনটেন্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হতো। কিন্তু এ বিষয়ে ব্যবহারকারীদের যথাযথভাবে জানানো হয়নি এবং আলাদা সম্মতিও নেওয়া হয়নি।
কর্তৃপক্ষ মেটাকে নির্দেশ দিয়েছে, ফিচারটি ডিফল্টভাবে বন্ধ রাখতে হবে। পাশাপাশি আগামী ৬০ দিনের মধ্যে ব্যবহারকারীদের কাছ থেকে আলাদা সম্মতি নেওয়ার ব্যবস্থা করতে হবে।
তবে এই জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, জরিমানার পরিমাণ অসামঞ্জস্যপূর্ণ। তাদের বক্তব্য, ফোনের গ্যালারিতে প্রবেশের জন্য ব্যবহারকারীদের ডিভাইসের অনুমতি দিতে হয় এবং চাইলে সেটিংস থেকে সেই অনুমতি পরিবর্তন করা যায়।