হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। ফিচারটি অনেকটা ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’-এর মতো কাজ করবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ২.২৬.৪৬.২-এ নতুন ফিচারটির সন্ধান পাওয়া গেছে। গুগল প্লে স্টোরে থাকা এই সংস্করণে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়েও ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি।
জ্যাপসের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের নতুন ইনস্ট্যান্ট ক্যামেরা ব্যবহার করে সরাসরি ছবি ও ছোট ভিডিও ধারণ করে পাঠাতে পারবেন। তবে ভিডিওর দৈর্ঘ্য কত হবে, তা এখনো জানা যায়নি। উল্লেখ্য, চলতি বছরের ১৩ মে ইনস্টাগ্রাম ‘ইনস্ট্যান্টস’ ফিচার চালু করে। এর মাধ্যমে ঘনিষ্ঠ বন্ধু ও পারস্পরিক অনুসারীদের সঙ্গে স্বতঃস্ফূর্ত ছবি ও ভিডিও ভাগ করে নেওয়া যায়। সেখানে প্রায় ছয় সেকেন্ডের ভিডিও শেয়ার করার সুযোগ রয়েছে।