দুজনের পরিচয় ডেটিং অ্যাপে। পরিচয় থেকে প্রেম। প্রেমকে পরিণতি দিতে কনেও হাজির। অথচ শেষ মুহূর্তে বিয়েটা ভেস্তে গেল বয়সের ফারাকে। ফলে ভিনদেশি কনে পড়েছেন অথই জলে। থানা–পুলিশের পর এখন শুরু হয়েছে বিদেশিনিকে তাঁর দেশে ফেরানোর তোড়জোড়।
প্রেমিক তরুণ ভারতীয়। সাকিন হরিয়ানার পানিপথ। নাম নিতিন। পেশা শিক্ষকতা। রাজস্থানের নিমরানায় একটি বেসরকারি স্কুলে দুই বছর ধরে শিক্ষকতা করছেন ৩১ বছর বয়সী নিতিন।
বছরখানেক আগে এক জনপ্রিয় ডেটিং অ্যাপে নিতিনের পরিচয় হয় কানাডার ওই নারীর। আলাপ থেকে আলাপচারিতা। আলাপচারিতা থেকে ঘনিষ্ঠতা। ঘনিষ্ঠতা থেকে প্রেম। প্রেম থেকে জীবনসঙ্গী হওয়ার বাসনা। সেই বাসনায় সম্মতি দেন নিতিনও।
এরপর আর দেরি না করে প্রিয় মানুষকে কাছে পেতে সুদূর কানাডা থেকে সোজা ভারতে হাজির হন সেই নারী দুচোখভরা স্বপ্ন নিয়ে। নতুন জীবন শুরুর আকাঙ্ক্ষায় দুই হৃদয়ের কাছাকাছি আসতে দেরি হয়নি।
১১ নভেম্বর পর্যটক ভিসায় কানাডা থেকে দিল্লি আসেন ওই নারী (তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে)। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন নিতিন নিজেই। বিমানবন্দর থেকে প্রেমিকাকে নিয়ে তিনি চলে যান দিল্লি থেকে নিমরানা, তাঁর মামাবাড়িতে। পানিপথের নিতিন নিমরানায় মামাবাড়িতেই থাকতেন। শিক্ষকতা করতেন সেখান থেকেই।