অফিসের কাজের চাপ, একের পর এক ডেডলাইন, সম্পর্কের টানাপোড়েন কিংবা ব্যক্তিগত জীবনের নানা চিন্তায় কখনো কি মনে হয় একটু নিরিবিলি কোথাও হারিয়ে যেতে পারলে ভালো হতো? শেষ কবে গাছের ছায়ায় বসে পাখির ডাক শুনেছেন? কিংবা পাতার ফাঁক দিয়ে আসা রোদ, বাতাসে পাতার মৃদু নড়াচড়া অথবা ভেজা মাটির গন্ধ মন দিয়ে অনুভব করেছেন? দৈনন্দিন ব্যস্ততা, মুঠোফোনের পর্দা আর কাজের চাপে প্রকৃতির সঙ্গে এমন সময় কাটানোর সুযোগ ক্রমেই কমছে।
অথচ মানসিক প্রশান্তির জন্য সব সময় বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটানোও হতে পারে মনকে শান্ত করার সুন্দর উপায়। জাপানে এমনই একটি চর্চা বেশ জনপ্রিয়, যার নাম ‘ফরেস্ট বাথিং’ বা ‘শিনরিন-ইয়োকু’। এটি কী, কীভাবে করবেন এবং এর সম্ভাব্য উপকারিতা কী, চলুন জেনে নেওয়া যাক।
ফরেস্ট বাথিং বা শিনরিন-ইয়োকু কী?
ফরেস্ট বাথিং মূলত বনের পরিবেশে সময় কাটিয়ে প্রকৃতিকে নিজের সব ইন্দ্রিয় দিয়ে অনুভব করার একটি বিশেষ চর্চা। জাপানের বন বিভাগ ১৯৮২ সালে ‘শিনরিন-ইয়োকু’ শব্দটির প্রচলন করে। জাপানি ভাষায় ‘শিনরিন’ অর্থ বন এবং ‘ইয়োকু’ অর্থ গোসল। তবে এখানে পানিতে গোসল করার কথা বলা হচ্ছে না। বরং বনের পরিবেশে নিজেকে ডুবিয়ে রাখা এবং প্রকৃতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত হওয়ার বিষয়টিই বোঝানো হয়েছে।
এজন্য পাহাড়ে চড়া, দীর্ঘ পথ হাঁটা কিংবা কঠিন শরীরচর্চার প্রয়োজন নেই। গাছের নিচে বসে থাকা, পাখির ডাক শোনা, পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো দেখা কিংবা ভেজা মাটির গন্ধ নেওয়াও ফরেস্ট বাথিংয়ের অংশ। মূল উদ্দেশ্য হলো দৈনন্দিন চিন্তা ও ব্যস্ততা থেকে কিছুক্ষণের জন্য মনোযোগ সরিয়ে প্রকৃতির দিকে ফিরিয়ে আনা।