কারও প্রতি ভালো লাগা বা ‘ক্রাশ’ থাকাটা বেশ অদ্ভুত এক অভিজ্ঞতা। হয়তো আপনি এমন একজন মানুষ, যিনি সাধারণত মেসেজের উত্তর দিতে ঘণ্টার পর ঘণ্টা সময় নেন; কিন্তু বিশেষ কোনো ব্যক্তির মেসেজ বা নোটিফিকেশন এলে সঙ্গে সঙ্গেই উত্তর দিয়ে ফেলেন। হয়তো সোশ্যাল মিডিয়ায় কে আপনার পোস্ট বা স্টোরি দেখল, তা নিয়ে আপনার মাথাব্যথা নেই; অথচ এখন আপনি ঠিকই জানেন যে, আপনার সর্বশেষ স্টোরিটি কে দেখেছে। এমনকী ছোটখাটো কোনো যোগাযোগও তখন এত গুরুত্বপূর্ণ মনে হয় যে, তা বন্ধুদের সঙ্গে আলোচনা না করে আপনি থাকতেই পারেন না।
সবচেয়ে মজার বিষয় হলো, অধিকাংশ মানুষই মনে করেন যে তারা তাদের মনের অনুভূতিগুলো খুব ভালোভাবে লুকিয়ে রাখতে পারছেন। অথচ বাস্তবে তাদের আচরণই বলে দেয় অন্য কথা। নিচে এমন পাঁচটি মজার আচরণের কথা তুলে ধরা হলো, যা মানুষ কারও প্রতি ভালো লাগা থাকলে করে থাকে-
হঠাৎ ইনস্টাগ্রাম স্টোরি দেওয়ার প্রতি খুব আগ্রহী হয়ে ওঠা
যিনি সাধারণত ইনস্টাগ্রামে খুব একটা সক্রিয় নন, তিনিও হঠাৎ করেই খুব সরব হয়ে উঠতে পারেন। কফির ছবি, পছন্দের গান, সূর্যাস্তের দৃশ্য কিংবা দৈনন্দিন জীবনের সাধারণ মুহূর্ত- সবই উঠে আসে তার স্টোরিতে। যদিও এই স্টোরি সবার জন্যই দেওয়া হয়, কিন্তু মনে মনে তিনি আশা করেন যে, ভিউয়ারের তালিকায় যেন বিশেষ সেই মানুষটির নাম দেখা যায়। আর যদি সেই ব্যক্তি কোনো প্রতিক্রিয়া জানান বা রিপ্লাই দেন, তবে তো কথাই নেই, পুরো দিনটাই যেন সার্থক হয়ে যায়!