শিশু কথা বলতে বলতে হঠাৎ থেমে যাচ্ছে। চোখ স্থির, ডাকাডাকি করলেও সাড়া মিলছে না। কয়েক সেকেন্ড পর আবার স্বাভাবিক আচরণ করছে, যেন কিছুই ঘটেনি। দিনে একাধিকবার এমন ঘটনা ঘটলেও অনেক অভিভাবক বিষয়টিকে অমনোযোগ, অন্যমনস্কতা কিংবা অশরীরী আত্মার ভর বলে মনে করেন। কেউ কেউ ঝাড়ফুঁক ও তাবিজ-কবজের আশ্রয় নেন। অথচ শিশুর এমন আচরণ হতে পারে মস্তিষ্কের বিশেষ এক ধরনের রোগের লক্ষণ, যার নাম ‘এবসেন্স সিজার’।
এবসেন্স সিজার কী?
এবসেন্স সিজার মৃগী বা এপিলেপ্সির একটি বিশেষ ধরন। এ রোগে আক্রান্ত শিশু হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে অসচেতন হয়ে পড়ে। এ সময় চোখ স্থির হয়ে যায় এবং কথা বলা কিংবা চলমান কাজ বন্ধ হয়ে যায়। বাইরে থেকে ডাকাডাকি করলেও অনেক ক্ষেত্রে সাড়া দেয় না।
সাধারণ খিঁচুনির মতো এতে হাত-পা কাঁপা বা শরীরের বড় ধরনের নড়াচড়া দেখা যায় না। এ কারণে অভিভাবক ও শিক্ষকরা অনেক সময় বিষয়টি বুঝতে পারেন না। সাধারণত চার থেকে ১৪ বছর বয়সের মধ্যে এ রোগ দেখা দিতে পারে।
কেন হয়, কতটা দেখা যায়?
এবসেন্স সিজারের সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেতের অস্বাভাবিক কার্যকলাপের কারণে এ সমস্যা হয়। অনেক ক্ষেত্রে জিনগত প্রভাবও থাকতে পারে। ঘুমের অভাব, মানসিক চাপ ও ঝলমলে আলো কিছু শিশুর ক্ষেত্রে খিঁচুনির প্রবণতা বাড়াতে পারে।
গবেষণা অনুযায়ী, শিশুদের মধ্যে প্রায় ২ থেকে ৮ শতাংশের এ ধরনের খিঁচুনি দেখা যায়। সাধারণত চার থেকে ১০ বছর বয়সে এর উপসর্গ বেশি প্রকাশ পায়। মৃগীরোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রায় ১০ থেকে ১৭ শতাংশের ক্ষেত্রে এবসেন্স সিজার পাওয়া যায়।