ইউরোপের দেশ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে রেকর্ড প্রায় দেড় হাজার অভিবাসী পৌঁছেছেন। ২০২০ সালের পর থেকে স্পেনের ওই দ্বীপে এটিই একদিনে সর্বোচ্চসংখ্যক অভিবাসী পৌঁছানোর রেকর্ড। রোববার সামুদ্রিক উদ্ধারকারী একটি সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইএফইর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্পেনের কোস্টগার্ডের সহায়তায় মোট ১ হাজার ৪৮৮ জন অভিবাসীকে ১৪টি নৌকা থেকে উদ্ধার করা হয়েছে। গত অক্টোবর থেকে পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে স্পেনের এই দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল তীব্র আকার ধারণ করেছে।
সামুদ্রিক উদ্ধারকারী সেবা সংস্থা বলছে, এর আগের এক দিনে সর্বোচ্চসংখ্যক অভিবাসী উদ্ধারের রেকর্ড হয়েছিল ২০২০ সালের ৭ নভেম্বর। ওই দিন ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূল থেকে ১ হাজার ৪৬১ জনকে উদ্ধার করা হয়।