সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে তাঁকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে তাঁর দেশে ফেরার যাত্রা স্থগিত করা হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) নির্ধারিত ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি বমি করেন। পরে তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের সিঙ্গাপুর শাখার উপদেষ্টা মো. বাবুল খন্দকার। তিনি জানান, দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছানোর পর ড. খন্দকার মোশাররফ হোসেন বমি করেন। পরে তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়। তাঁরা বর্তমানে হাসপাতালেই অবস্থান করছেন।