You have reached your daily news limit

Please log in to continue


ডাবল সেঞ্চুরিতে মোসাদ্দেকই এখন বাংলাদেশের সেরা

২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি। ক্যারিয়ারের ষষ্ঠ প্রথম শ্রেণির ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন মোসাদ্দেক হোসেন। বিকেএসপির ৩ নম্বর মাঠে বরিশাল-রংপুর ম্যাচের চতুর্থ দিনটা বরিশাল ব্যাটসম্যান শেষ করেন ১২৫ রানে অপরাজিত থেকে। পরের দিন ম্যাচের শেষ দিনে প্রথম সেঞ্চুরিটাকেই ডাবল সেঞ্চুরি বানিয়ে মোসাদ্দেক আউট হলেন ঠিক ২৫০ রান করে।

সেই মোসাদ্দেক পরের ম্যাচেই বিকেএসপির ৩ নম্বর মাঠে চট্টগ্রামের বিপক্ষে বরিশালের প্রথম ইনিংসে ছাড়িয়ে গেলেন আগের ইনিংসটাকে। খেললেন ২৮২ রানের এক ইনিংস, সেটিও মাত্র ৩০৯ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা রেকর্ড দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করার ৫৫তম উদাহরণ গড়ে মোসাদ্দেক বসে যান রঞ্জি, পন্সফোর্ড, হ্যামন্ড, হেনড্রেন, ব্র্যাডম্যান, মার্চেন্ট, উইকস, ওরেল, সিম্পসন, সাঙ্গাকারার মতো কিংবদন্তিদের পাশে। পরে যে রেকর্ডে যোগ হয়েছে আরও ১৫টি নাম, যাঁদের মধ্যে আছেন বিরাট কোহলিও।

পরের মৌসুমে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মোসাদ্দেক। এরপর যে রেকর্ডে তাঁর পাশে বসেন আরও আটজন। ১১ মৌসুম পর সেই রেকর্ডটা আবার নিজের করে নিলেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার।

বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি পাওয়া মোসাদ্দেক আজ চতুর্থ ডাবল সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে চারটি ডাবল সেঞ্চুরি পেলেন মোসাদ্দেক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন