ম্যাচ না খেলেই জাতীয় দল থেকে বাদ পড়ার পর ব্যাট হাতে নিজের কাজটা সেরে রাখলেন অমিত হাসান। চমৎকার ব্যাটিংয়ে আরেকটি সেঞ্চুরি করলেন ছন্দে থাকা মিডল-অর্ডার ব্যাটসম্যান।
জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের দ্বিতীয় দিন অমিতের পাশাপাশি শতকের দেখা পেলেন আশিকুর রহমান শিবলি। আগের দিন সেঞ্চুরি করা মোসাদ্দেক হোসেন করলেন রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরি।
ব্যাটসম্যানদের দাপটের মাঝে ৫ উইকেট নিলেন আবু জায়েদ চৌধুরি।
মোসাদ্দেকের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরি
আট বছরের অপেক্ষা শেষ করে আগের দিন সেঞ্চুরি করেছিলেন মোসাদ্দেক হোসেন। সেই ছন্দে এগিয়ে নতুন সকালে ডাবল সেঞ্চুরিও পূর্ণ করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার।
সিলেটের একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে ২২ চারের সঙ্গে ১০ ছক্কায় ২১৫ বলে ২২০ রান করেছেন মোসাদ্দেক। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার চতুর্থ ডাবল সেঞ্চুরি। এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের তিনটির বেশি ডাবল সেঞ্চুরি নেই।