You have reached your daily news limit

Please log in to continue


দুই দেশের বৈঠক চলে, সীমান্তের শূন্যরেখায় মেয়েটির রাত কাটে খোলা মাঠে

বাংলাদেশ ও ভারতের সীমান্তে পাথরের চরে এক নারী ছয় দিন ধরে খোলা আকাশের নিচে আছেন। খবরটি পড়তে গিয়ে আমার চোখ আটকে গেল তার পাতলা কম্বলটির কথায়। নভেম্বরের রাতে খড়ের ওপর শুয়ে এই কম্বলে কতটুকু শীত ঠেকাতে পারেন তিনি? খবরটি আবার পড়লাম। মনে মনে ভাবলাম, সন্ধ্যা নামার আগে কেউ কি তার পাশে বসে জিজ্ঞেস করেছিলেন, রাতে তিনি কোথায় থাকতে চান? প্রতিবেদনে বিজিবির অধিনায়কের বক্তব্য পড়লাম, স্থানীয় এক বাসিন্দার কথাও পড়লাম। যাকে নিয়ে দুই দেশের এত কথা, তিনি নিজে কী বলেছেন, তা জানতে পারলাম না।

জামালপুরের দেওয়ানগঞ্জে পাথরের চর সীমান্তের ঘটনা। বিজিবির ভাষ্য অনুযায়ী, ১০ নভেম্বর সকালে বিএসএফ ওই নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। বিজিবি ও স্থানীয় বাসিন্দারা বাধা দেন। ১৩ নভেম্বর শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, চার দিন ধরে তিনি শূন্যরেখায় আছেন। অর্থাৎ প্রথম খবরটি প্রকাশের পর তার আরও দুটি রাত কেটেছে খোলা মাঠে। বিএসএফের বক্তব্য এসব প্রতিবেদনে নেই। ওই নারী কোথা থেকে এসেছেন, কীভাবে সেখানে পৌঁছেছেন, তার কাছ থেকে তা জানা গেছে কি না, তাও অস্পষ্ট।

সীমান্তে একজন মানুষকে জোর করে অন্য দেশে পাঠানোর অভিযোগ উঠলে সংশ্লিষ্ট বাহিনীর কাছে জবাব চাইতে হবে। বাংলাদেশের আপত্তি জানানোর যথেষ্ট কারণ আছে। কিন্তু আপত্তি জানাতে ওই নারীকে খোলা মাঠে রাখার কী দরকার? তার সম্মতি নিয়ে তাকে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া যায়, নিরাপদে থাকার ব্যবস্থাও করা যায়। দুই পক্ষ লিখে রাখতে পারে যে এ ব্যবস্থা সাময়িক। এতে তার নাগরিকত্বের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তার পরিচয় যাচাই ও অভিযোগের তদন্ত চলতে পারে। অথচ দুই দেশ বিরোধ মেটাতে যত দিন নিচ্ছে, তত দিন খোলা আকাশের নিচে থাকার কষ্ট একা ওই নারীকেই সইতে হচ্ছে।

পাথরের চরে ওই নারীকে প্রথম কোথায় পাওয়া গিয়েছিল? কে তার চলাচল আটকে দিয়েছিল? কার নির্দেশে তাকে সেখানে থাকতে হয়েছিল? বাংলাদেশ ও ভারতের কার কী দায় ছিল, তা বুঝতে এসব তথ্য জানা দরকার। দুই দেশই নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির পক্ষ। চুক্তির ৬ অনুচ্ছেদে প্রত্যেক মানুষের জীবনের অধিকার সুরক্ষিত। ৭ অনুচ্ছেদে নির্যাতন এবং নিষ্ঠুর, অমানবিক ও মর্যাদাহানিকর আচরণ নিষিদ্ধ। জাতিসংঘের মানবাধিকার কমিটির ব্যাখ্যা অনুযায়ী, কোনো ব্যক্তি দেশের সীমানার বাইরেও যদি ওই দেশের প্রতিনিধিদের কার্যকর নিয়ন্ত্রণে থাকেন, তার অধিকার রক্ষার দায় ওই রাষ্ট্রের থাকে। তাই সীমান্ত পিলারের নম্বরের পাশাপাশি জানতে হবে, ওই নারী কোথায় যেতে পারবেন, ওই সিদ্ধান্ত তখন কার হাতে ছিল।

সীমান্তে সহায়তা দেওয়ার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের নির্দেশিকায় মাঠ পর্যায়ের কর্মীদের জন্য স্পষ্ট পরামর্শ আছে। কেউ বিপন্ন অবস্থায় থাকলে তার নাগরিকত্ব ও সীমান্তে আসার পরিস্থিতি যা-ই হোক, জরুরি সহায়তা আগে দিতে হবে। পাথরের চরে এর অর্থ খুব সাধারণ। স্বাস্থ্যকর্মীকে তার কাছে যেতে দেওয়া, বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া, এমন একটি শৌচাগারের ব্যবস্থা করা যেখানে তাকে অন্যের নজরের মধ্যে পড়তে হবে না। তিনি কোনো ওষুধ নিয়মিত খান কি না, শেষ কবে খেয়েছেন, জানতে চাইলেই চিকিৎসার প্রয়োজন সম্পর্কে কিছু ধারণা মিলবে। এসব কাজ শুরু করতে পতাকা বৈঠকের সিদ্ধান্ত লাগে কেন?

আরও একটি বিষয় আমাকে ভাবিয়েছে। একজন স্থানীয় বাসিন্দা ওই নারীর মানসিক অবস্থা নিয়ে নিজের ধারণা জানিয়েছেন। খবরের কাগজে ওই মন্তব্য পড়বেন তাদের স্বজনেরাও, যদি তাদের হাতে খবরটি পৌঁছায়। দূর থেকে কারও আচরণ দেখে তার অসুস্থতা নির্ধারণ করা যায় না। পরিচয় জানতে চাইলে উত্তর দেওয়ার মতো পরিবেশও তাকে দিতে হবে। ভিড় সরিয়ে তার পছন্দের একজন নারী স্বাস্থ্যকর্মীকে পাশে বসতে দেওয়া যায়। কোন ভাষায় কথা বলতে স্বচ্ছন্দ, শুরুতে সেটুকু জানলেই হয়। তিনি চুপ করে থাকলে একটু সময় দেওয়া যায়। তার নীরবতার অর্থ অন্য কেউ ঠিক করে দেবেন কেন?

ওই নারীর পরিচয় জানতে প্রথমে তার কথাই শোনা হোক। তিনি কাকে খবর দিতে চান? তার অবস্থানের কথা জানলে এমন কেউ আছেন কি, যার কাছ থেকে তার বিপদের আশঙ্কা আছে? তার সঙ্গে কথা বলে, তার সম্মতি নিয়ে, তারই দেওয়া নাম ধরে স্বজনদের খোঁজ শুরু করা যায়। স্বজনেরা চিনতে পারবেন, এই আশায় সোশ্যাল মাধ্যমে তার ছবি দেওয়া সহজ। কিন্তু একবার ছবি ছড়িয়ে পড়লে তা কার হাতে যাবে, কে তাকে কী পরিচয়ে তুলে ধরবে, সে বিষয়ে তার আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তাই পরিবারের খোঁজ যারা নেবেন, তারা আগে তাকে বুঝিয়ে বলুন, কাকে কী তথ্য দিতে চান এবং কেন। কোন তথ্য জানাতে তিনি রাজি, সে কথাও তার কাছ থেকেই শুনুন।

ধরা যাক, তার ঠিকানা পাওয়া গেল। যে দেশে তাকে পাঠানোর কথা উঠছে, সেখানে ফিরতে তিনি ভয় পাচ্ছেন বলে জানালেন। তখন কী হবে? আন্তর্জাতিক চুক্তির ৬ ও ৭ অনুচ্ছেদ নিয়ে মানবাধিকার কমিটির ব্যাখ্যা এখানে প্রাসঙ্গিক। ফেরত পাঠালে জীবনহানি, নির্যাতনসহ অপূরণীয় ক্ষতির বাস্তব ঝুঁকি আছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকলে রাষ্ট্র তাকে সেখানে পাঠাতে পারে না। ওই নারী এমন কোনো আশঙ্কার কথা জানিয়েছেন বলে প্রকাশিত খবরে উল্লেখ নেই। তবে তার কথা শোনার আগেই গন্তব্য ঠিক করে ফেললে আশঙ্কার কথা জানানোর সুযোগটুকুও তিনি পাবেন না।

দেওয়ানগঞ্জের ঘটনায় দুই বাহিনীর যোগাযোগ হয়েছে বলে খবরে এসেছে। সেই আলোচনার কতটুকু ওই নারীকে জানানো হয়েছে? তাকে কোথায় নেওয়ার কথা হচ্ছে, সেখানে কার কাছে থাকবেন, সিদ্ধান্তে আপত্তি থাকলে কার সঙ্গে কথা বলবেন, তার বোঝার ভাষায় এসব জানানো দরকার। প্রয়োজনে একজন আইনজীবীর সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগ দিতে হবে। দুই বাহিনীর প্রতিনিধিরা বৈঠক শেষে একমত হলেই ধরে নেওয়া যাবে না, যার জীবন নিয়ে সিদ্ধান্ত হলো, তিনিও নিজের কথা বলার সুযোগ পেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন