খুলনার রূপসায় গত বৃহস্পতিবার রাতে দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় বিএনপির নেতা শেখ জাকির হোসেনকে। গত ২২ দিনে খুলনায় গুলিতে নিহত হয়েছেন ৬ জন, আহত হয়েছেন আরও ৬ জন। খুনের এমন ঘটনা শুধু খুলনায় নয়, সারা দেশেই ঘটছে। গত ১০ মাসে সারা দেশে খুনের ঘটনায় মামলা হয়েছে ২ হাজার ৯৩৮টি। প্রতি মাসে গড়ে প্রায় ২৯৪টি খুনের মামলা হয়েছে।
খুন ছাড়াও চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও প্রকাশ্যে অস্ত্রের ব্যবহারের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মতে, সরকার দায়িত্ব নেওয়ার আট মাস পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। পুলিশ বলছে, গণ–অভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল। এখন ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।
খুনের ঘটনা ও তথ্য বিশ্লেষণ করে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, কিশোর গ্যাং, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বেশির ভাগ হত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক সহিংসতার কারণে অনেকগুলো খুনের ঘটনা ঘটেছে।
পুলিশ সদর দপ্তরের মামলার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে সারা দেশে বিভিন্ন অপরাধের ঘটনায় মামলা হয়েছে ১ লাখ ৭০ হাজার ১০১টি। এর আগের বছর মোট মামলা হয়েছিল ১ লাখ ৮১ হাজার ৬৭৩টি। খুনের মামলার বাইরে চলতি বছর ১০ মাসে ডাকাতির ৪১৭টি, দস্যুতার ১ হাজার ৫১৯টি ও অপহরণের ৮৬৭টি মামলা হয়েছে।
অনেক সময় একাধিক ঘটনায় একটি মামলা হয়। তাই মামলার সংখ্যা ও ঘটনার প্রকৃত সংখ্যা এক নয়।