আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার
ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।
মামলার পর শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এবং পাঁচলাইশ থানা পুলিশ।
আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শনিবারই পেয়েছি। মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করেছে।’
এর আগে, গত মঙ্গলবার ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর এসপি জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিন জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এ ছাড়া ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।