সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। এ মামলায় নুসরাতের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে।
আজ শনিবার মামলাটি করেন দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)। এজাহারে নুসরাতের বাবাকে একমাত্র আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮ থেকে ১০ জনকে।
মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে তিনি বলেন, আবদুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী তদন্ত করবেন।
মামলার বিষয়ে যোগাযোগ করা হলে উপপরিদর্শক মহসীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাকে মামলা তদন্তকারী করা হয়েছে। এতটুকু জানি।’