কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার থেকে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন বলে জানিয়েছেন কারখানা উদ্যোক্তাদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে শনিবার সংবাদ সম্মেলনে এসে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু বলেছেন, “সার্বিক পরিস্থিতি ও শিল্পের সুরক্ষা পর্যালোচনা করে, সংশ্লিষ্ট অঞ্চলের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোর মালিকরা এক কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সামগ্রিক নিরাপত্তা এবং উৎপাদন অনুকূল পরিবেশ বজায় না থাকায় এই কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না।
“ফলশ্রুতিতে চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবেন।”