বিড়ালের ভাষার সংকেত, যেভাবে বুঝবেন
বিড়াল মানুষের সঙ্গে কথা বলতে পারে না, তবে নানা অঙ্গভঙ্গি, চোখের দৃষ্টি, লেজের নড়াচড়া ও বিভিন্ন শব্দের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে। কখনো ধীরে চোখের পাতা বন্ধ করা, কখনো গরগর শব্দ কিংবা বিশেষ ধরনের ডাকের মাধ্যমে তারা ভালোবাসা, স্বস্তি, ভয় বা খাবারের চাহিদা জানায়। এসব সংকেত বুঝতে পারলে পোষা বিড়ালের সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর হতে পারে বলে মনে করছেন প্রাণী আচরণ বিশেষজ্ঞরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিড়াল মানুষের সঙ্গে যোগাযোগের জন্য শব্দ, গন্ধ, স্পর্শ, মুখের অভিব্যক্তি ও শরীরের নড়াচড়া ব্যবহার করে। তবে একটি অঙ্গভঙ্গি দেখেই বিড়ালের মনের অবস্থা বোঝা যায় না। তার পুরো শরীরের ভাষা এবং পরিস্থিতি একসঙ্গে বিবেচনা করা জরুরি।
মানুষকে কীভাবে দেখে বিড়াল?
বিড়াল মানুষকে বড় আকারের অদ্ভুত কোনো বিড়াল হিসেবে দেখে, নাকি খাবার সরবরাহকারী হিসেবে— এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। তবে বিড়ালের আচরণে মানুষের সঙ্গে অন্য বিড়ালের সম্পর্কের কিছু মিল পাওয়া যায়।
প্রাণী আচরণ ও প্রশিক্ষণবিষয়ক পরামর্শক জেসিকা মোকেট বলেন, বিড়াল কখনো মানুষের গা চেটে দেয়, শরীরের ওপর থাবা দিয়ে মথনের মতো করে কিংবা পাশাপাশি ঘুমায়। অন্য বিড়ালের সঙ্গেও তারা এমন আচরণ করে থাকে। আবার মানুষের কাছে খাবার চাওয়া বা মিউ মিউ করে ডাকাও অনেকটা মা-বিড়ালের কাছে বাচ্চাদের চাহিদা জানানোর মতো।