ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না
ধরুন, আপনার পরিচিত প্রতি দুজন মানুষের মধ্যে একজন নিজের শরীরের একটি নীরব বিপদ সম্পর্কে কিছুই জানেন না; অথচ বিপদটি ইতিমধ্যে তার শরীরে বাসা বেঁধেছে। অবিশ্বাস্য মনে হচ্ছে? কিন্তু বাংলাদেশের একটি জাতীয় স্বাস্থ্য জরিপে পাওয়া গেছে এমনই এক উদ্বেগজনক চিত্র।
বাংলাদেশের অসংক্রামক রোগের ঝুঁকিবিষয়ক জাতীয় জরিপ (STEPS 2018)-এ আমি প্রধান গবেষক হিসেবে কাজ করেছিলাম। ওই জরিপের ফলাফলে দেখা গেছে, যাদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বলে শনাক্ত হয়েছে, তাদের ৫১.৪ শতাংশই জানতেন না যে তাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি। অর্থাৎ, জরিপে শনাক্ত হওয়া এই জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি নিজেদের শরীরের বিপদসংকেত সম্পর্কে অজ্ঞাত ছিলেন।
সংখ্যাটি আমাকে বিশেষভাবে ভাবায়। কারণ এটি শুধু ডায়াবেটিসের ব্যাপকতার কথা বলে না; বলে আমাদের স্বাস্থ্যসচেতনতা, রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধব্যবস্থার গভীর দুর্বলতার কথাও।
মানুষ সাধারণত রোগকে ভয় পায়। কিন্তু যে রোগ সম্পর্কে সে জানেই না, তার বিরুদ্ধে লড়াই করবে কীভাবে? ডায়াবেটিসের বিপদ এখানেই। টাইপ-২ ডায়াবেটিস অনেক সময় বছরের পর বছর কোনো সুস্পষ্ট উপসর্গ ছাড়াই শরীরে অবস্থান করতে পারে। মানুষ নিজেকে সুস্থ মনে করে দৈনন্দিন জীবন চালিয়ে যায়, অথচ তার হৃদযন্ত্র, রক্তনালি, কিডনি, চোখ ও স্নায়ুতন্ত্র নীরবে ক্ষতিগ্রস্ত হতে থাকে।
গবেষণার পরিসংখ্যান: অজ্ঞতা থেকে নিয়ন্ত্রণহীনতা
১৮-৬৯ বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে পরিচালিত ওই জরিপে দেখা যায়, প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৮.৩ শতাংশের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি। এই হিসাবের মধ্যে আগে থেকে শনাক্ত এবং চিকিৎসার মাধ্যমে পরীক্ষার সময় গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিরাও অন্তর্ভুক্ত।
কিন্তু রোগ শনাক্ত হওয়া ব্যক্তিদের চিকিৎসা ও সচেতনতার চিত্রটি আরও উদ্বেগজনক। তাদের মধ্যে ৫১.৪ শতাংশ জানতেনই না যে তাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি। ১০.৪ শতাংশ জানতেন যে তাদের রক্তে গ্লুকোজ বেশি, কিন্তু চিকিৎসা গ্রহণ করছিলেন না। ২৪.৭ শতাংশ চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু তাদের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে ছিল না। আর মাত্র ১৩.৬ শতাংশ চিকিৎসা গ্রহণের মাধ্যমে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন।
চারটি পরিসংখ্যান পাশাপাশি রাখলে আমাদের সামনে একটি পূর্ণাঙ্গ চিত্র ফুটে ওঠে:
৫১.৪ শতাংশ—নিজের রক্তে গ্লুকোজ বেশি, তা জানেন না।
১০.৪ শতাংশ—জানেন, কিন্তু চিকিৎসা নিচ্ছেন না।
২৪.৭ শতাংশ—চিকিৎসা নিচ্ছেন, কিন্তু নিয়ন্ত্রণে নেই।
মাত্র ১৩.৬ শতাংশ—চিকিৎসা নিচ্ছেন এবং নিয়ন্ত্রণে আছেন।
জানেন না, তাই চিকিৎসাও নিচ্ছেন না
ডায়াবেটিসের প্রথম সংকট হলো রোগ সম্পর্কে অজ্ঞতা। এর পেছনে ব্যক্তিগত অসচেতনতার পাশাপাশি রোগ শনাক্তকরণের সুযোগ ও উদ্যোগের অভাবও রয়েছে। জরিপে দেখা গেছে, মাত্র ২৫.১ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের জীবনে কখনো কোনো চিকিৎসক বা স্বাস্থ্যসেবাদাতার মাধ্যমে রক্তের গ্লুকোজ পরীক্ষা করা হয়েছিল। ৪০-৬৯ বছর বয়সীদের মধ্যেও এই হার ছিল মাত্র ৩৬.৭ শতাংশ।
অর্থাৎ, অধিকাংশ মানুষের জীবনে কখনো রক্তের গ্লুকোজ পরীক্ষা করার সুযোগ বা উদ্যোগ হয়নি। এটি শুধু ব্যক্তির অসচেতনতা নয়; প্রাথমিক স্বাস্থ্যসেবায় রোগ শনাক্তকরণের দুর্বলতারও প্রতিফলন।