ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চল। শনিবার (১৪ নভেম্বর) শ্রমিক বিক্ষোভের মুখে দুই শিল্পাঞ্চলের ১৭টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে ১১টি এবং আশুলিয়ায় ছয়টি কারখানা রয়েছে। এদিকে গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা বর্তমানে কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছেন।
শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে অবরোধ উঠে যায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন। ওই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।