টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ
কথাটা শুনলেই গায়ে কাঁটা দিয়ে উঠবে, কিংবা ঘিনঘিনে একটা অনুভূতি ছড়িয়ে পড়বে সারা শরীরে। অথচ বলিউড তারকা পরেশ রাওয়াল ঠিক সেটাই করেছিলেন! শুধু একদিন নয়, টানা পনেরো দিন ধরে ঘুম থেকে জেগে প্রতিদিন সকালে নিজের প্রথম প্রস্রাব পান করতেন তিনি। নেহাতই খেয়ালের বশে নয়, একটি বিশেষ শারীরিক জটিলতা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এমন উপায় বেছে নিয়েছিলেন এই অভিনেতা।
ঘটনাটি প্রায় তিন দশক আগের, নব্বইয়ের দশকের শেষ দিকের কথা। বলিউডের রূপালি পর্দায় তখন জোরকদমে নায়কের ভূমিকায় অভিনয় করছেন সানি দেওল। তাঁরই বহুল আলোচিত সিনেমা ‘ঘাতক’-এর শুটিং সেটে হঠাৎই মারাত্মক দুর্ঘটনায় পড়েন পরেশ রাওয়াল; হাঁটুর হাড় ও পায়ে পান মারাত্মক আঘাত। চোটের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অভিনেতার মনে হয়েছিল বুঝি এখানেই ইতি টানতে হচ্ছে তার অভিনয় ক্যারিয়ারের! সেই কঠিন বিপদের দিনে বাধ্য হয়েই অদ্ভুত এই ঘরোয়া দাওয়াইয়ের সাহায্য নেন তিনি। আর অবিশ্বাস্য হলেও সত্যি, তাতে চমৎকার ফলও পেয়েছিলেন পরেশ। পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে নিজেই ফাঁস করেছিলেন এই অজানা গল্প। খবর আনন্দবাজার অনলাইনের।
অভিনেতা বলেছেন, ওই ‘ওষুধ’-এর প্রেসক্রিপশন এসেছিল বলিউডের খ্যাতনামী অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগনের কাছ থেকে। যিনি বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা। তিনি পরেশকে ওই ‘ওষুধ’ খাওয়ার পরামর্শ দিয়ে বলেন, তার পেশার লোকজন চোট সারানোর ওষুধ হিসাবে নিজের প্রস্রাব সেবন করে থাকেন। পরেশ জানিয়েছেন বীরু ‘গ্যারান্টি’ দিয়ে তাকে বলেছিলেন, ওটি পান করলে তার শরীরের কোনো ক্ষতি হবে না। পরেশ অবশ্য তখনো জানতেন না, এই চিকিৎসা নাকি গোটা বিশ্বে চালু রয়েছে। ভারতের প্রাচীন চিকিৎসা শাস্ত্রে এর উল্লেখ তো রয়েছেই। প্রাচীন মিশর, গ্রিস, রোমেও মূত্রের দ্বারা চিকিৎসার কথা বলে গিয়েছেন জ্ঞানীরা। যাকে বলা হয় ইউরিন থেরাপি, ইউরোথেরাপি বা ইউরোফ্যাগিয়া।