হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে কাজ করছে সংস্থাটি। এবার অ্যান্ড্রয়েড ফোনে চ্যাট না খুলেই মেসেজের প্রিভিউ দেখার সুযোগ মিলতে পারে। এতে প্রেরকও বুঝতে পারবেন না যে আপনি তার পাঠানো বার্তা পড়ে ফেলেছেন। শুধু তাই নয়, চ্যাটের মধ্যেই না ঢুকে একাধিক কাজ করার সুবিধাও যুক্ত হতে পারে।
কোনো মেসেজ এসেছে, কিন্তু এখনই তার উত্তর দিতে চাইছেন না এমন পরিস্থিতি প্রায়ই তৈরি হয়। অথচ চ্যাট খুলে মেসেজ পড়লেই অনেক সময় প্রেরকের কাছে পৌঁছে যায় রিড রিসিপ্ট বা ব্লু টিক। ফলে বার্তা পড়েও উত্তর না দিলে ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে। এই সমস্যা এড়াতে অনেকেই হোয়াটসঅ্যাপের রিড রিসিপ্ট বন্ধ করে রাখেন। কিন্তু তাতে অন্যের মেসেজ পড়েছেন কি না, সেটিও আর সহজে বোঝা যায় না।
এবার সেই ঝামেলা কমাতে নতুন একটি ফিচার আনার প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চ্যাট প্রিভিউ সুবিধা নিয়ে কাজ চলছে। এতদিন আইফোন ব্যবহারকারীরা এ ধরনের সুবিধা পেয়ে এলেও অ্যান্ড্রয়েডে তা আরও সহজভাবে ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।