কট্টর পন্থা থেকে সরে আসছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে দলটি। ৮৫ বছরের ইতিহাসে প্রথমবার দলটির গঠনতন্ত্রে আমূল পরিবর্তন আসছে। গঠন করা হচ্ছে, একটি নতুন উপদেষ্টা পরিষদ। এতে যুক্ত হবেন বিভিন্ন শ্রেণি-পেশার বিশেষজ্ঞরা। এই পরিষদের সদস্যদের জামায়াতের রুকন (সদস্য) হওয়ার বাধ্যবাধকতাও থাকছে না। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ইতোমধ্যে এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।
দলীয় সূত্র বলছে, জামায়াতের নীতিনির্ধারকরা মনে করছেন, দলকে একটি গণমুখী রাজনৈতিক দল হিসাবে গড়ে তুলতে এবং রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে শুধু দলীয় লোক দিয়ে হবে না। এজন্য কট্টর পন্থা থেকে বেরিয়ে আসতে হবে। রুকন বা শপথধারী ব্যক্তিরাই এখন পর্যন্ত জামায়াতের নীতিনির্ধারণ বা পলিসি নির্ধারণ করে থাকেন।
দলটির নীতিনির্ধারণের জন্য রয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও মজলিসে শূরা। এসব ফোরামে রুকন ছাড়া বাইরের কারও অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। এই প্রথম রুকন হওয়ার শর্ত এড়িয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের পথে এগোচ্ছে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি রয়েছে। এই কমিটিতে বিষয়টি আলোচনা হয়েছে এবং দলের নির্বাহী পরিষদ তাতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে।