সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ (শনিবার) রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল।
একুশ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামবে হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ের আগে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিচ্ছে স্বাগতিকদের। আন্তর্জাতিক ফুটবলে জয়-পরাজয়ের হিসাবেও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ।
দুই দেশের ফুটবল দ্বৈরথের ইতিহাস বেশ পুরোনো। ১৯৮৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে দুই দল মুখোমুখি হয়েছে ১৮ বার। এর মধ্যে বাংলাদেশের জয় আটটি, পাকিস্তানের পাঁচটি। বাকি পাঁচ ম্যাচ হয়েছে ড্র। অর্থাৎ মুখোমুখি লড়াইয়ে জয়ের সংখ্যায় তিন ম্যাচে এগিয়ে লাল-সবুজের দল।
দুই দলের প্রথম দিকের লড়াইয়ে বাংলাদেশের সাফল্য থাকলেও পরবর্তী সময়ে পাকিস্তানের কাছে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। ১৯৮৫ সালের ৩০ এপ্রিল ও ২ মে কায়েদে আজম আন্তর্জাতিক কাপে পাকিস্তানকে যথাক্রমে ৩-০ ও ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। একই বছরের ২১ ডিসেম্বর দক্ষিণ এশীয় ফেডারেশন গেমসেও ২-১ গোলে জয় পায় লাল-সবুজের দল।