মালয়েশিয়ায় অনলাইন প্রতারণার বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাত্র ১৩ দিনের বিশেষ অভিযানে ১৫৩টি স্থানে তল্লাশি চালিয়ে ৯৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৮২৬ জনই বিদেশি নাগরিক। এছাড়া সেলাঙ্গর রাজ্যে বিদেশিদের লক্ষ্য করে পরিচালিত দুটি প্রতারণার কল সেন্টারে পৃথক অভিযান চালিয়ে আরও ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই সঙ্গে সন্দেহভাজন প্রতারণা কেন্দ্র ও অবৈধ কর্মকাণ্ডের আস্তানা শনাক্ত করতে অভিবাসন বিভাগও অভিযান জোরদার করেছে।
মালয়েশিয়া পুলিশের বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের পরিচালক কমিশনার দাতুক রুসমি মোহাম্মদ ঈসা জানান, গত ১৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে একযোগে ‘অপারেশন ম্যাগপাই ০১/২০২৬’ পরিচালনা করা হয়। এ সময় ১৫৩টি স্থানে অভিযান চালানো হয়েছে, যা প্রাথমিকভাবে নির্ধারিত ১০০টি অভিযানের লক্ষ্যমাত্রার চেয়ে ৫৩ শতাংশ বেশি।