সীমান্তের নো ম্যানস্ ল্যান্ড বা শূন্য রেখায় খোলা আকাশের নিচে খড়কুটোর ওপর একটি পাতলা কম্বল নিয়ে অবস্থান করছেন এক নারী। আর দুই প্রান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের বিএসএফ এর কঠোর অবস্থান।
গত চারদিন ধরে এই অবস্থা বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে।
এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যম এবং স্থানীয় গণমাধ্যমে ওই নারীকে নিয়ে পোস্ট দিতেও দেখা গেছে অনেককে।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে সীমান্তের শূন্য রেখায় অটকে আছেন ওই নারী। তাকে নিজের নাগরিক হিসেবে গ্রহণ করছে না বাংলাদেশ কিংবা ভারত কোনো দেশই।
বিজিবি অভিযোগ করেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোর করে ওই নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল।
তার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশে বাঁধা দিয়েছিল ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
এরপর থেকেই দুই দেশের সীমান্তে শূন্যরেখায় আটকে আছেন তিনি। ঘটনার পর চার দিন পেরোলেও ওই নারীর দায়িত্ব নিতে রাজি নয় কোনো দেশই।
এই ঘটনার সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ হলেও সমাধান মেলেনি। শুক্রবার বিকেল পর্যন্ত দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছেন বলে জানা গেছে।