শিশুর সংখ্যা ঠিক না করে দেওয়া হচ্ছে টিকা
হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এ পর্যন্ত তিন দফায় ২ কোটি ১৭ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচি শেষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়ার তথ্য দিয়েছে সরকার। এরপরও হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না।
বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচির সাফল্য মূল্যায়নে শুধু কত শিশুকে টিকা দেওয়া হয়েছে, তা জানলেই হয় না। মোট কত শিশু টিকার আওতায় আসার যোগ্য, সেই সংখ্যাও নির্ভুলভাবে নির্ধারণ করা জরুরি। লক্ষ্যমাত্রা কম হলে কাগজে-কলমে টিকাদানের হার ১০০ শতাংশের বেশি দেখালেও প্রকৃতপক্ষে অনেক শিশু টিকার বাইরে থেকে যেতে পারে। টিকা পাওয়ার উপযুক্ত অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় না আনা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন। এই লক্ষ্য অর্জন করতে হলে দেশে এই মুহূর্তে টিকা পাওয়ার উপযোগী কত শিশু আছে এবং নতুন জন্ম নেওয়া শিশুদের মধ্যে প্রতি মাসে কত সংখ্যক সেই তালিকায় যুক্ত হচ্ছে, সেই হিসাব হাতে থাকা প্রয়োজন। কিন্তু সেই হিসাব দিতে পারছে না সরকার।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড কমিউনিটি পেডিয়াট্রিকস বিভাগের অধ্যাপক ডা. আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হামের টিকাদানের হার এখনো ৯৫ শতাংশে পৌঁছায়নি। অথচ সংক্রমণ নিয়ন্ত্রণে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকা দিতে হবে। এতে হার্ড ইমিউনিটি বা গোষ্ঠীগত রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়, যা টিকা না পাওয়া শিশুদেরও সংক্রমণ থেকে অনেকটা সুরক্ষা দেয়। কিন্তু দেশে এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বিভিন্ন এলাকায় টিকা না পাওয়া শিশুদের পকেট বা গুচ্ছ থাকায় সংক্রমণ ছড়াচ্ছে।’
- ট্যাগ:
- স্বাস্থ্য
- টিকাদান কর্মসূচি
- হাম রোগ