পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
পলায়ন, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হওয়ায় পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হয়। রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অনুমোদনক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলাম, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ, ময়মনসিংহের মুক্তাগাছায় দ্বিতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি মো. আরিফুজ্জামান, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম এবং সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান।