কক্সবাজারে আবারও হোটেলে আগুন, আতঙ্কে রাস্তায় শতাধিক পর্যটক
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে হোটেলে থাকা শতাধিক পর্যটকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপত্তার জন্য হোটেল থেকে বের হয়ে রাস্তায় অবস্থান নেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হোটেল কক্স এম্বাসেডরের নয়তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য।
তিনি বলেন, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোলন আচার্য্য বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন একটি কক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ওই কক্ষটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য কোথাও আগুন ছড়ায়নি।”
তিনি বলেন, আগুন লাগার সময় ওই কক্ষে কোনো অতিথি ছিলেন না। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় অন্য কক্ষে তা ছড়াতে পারেনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অগ্নিকাণ্ড
- আবাসিক হোটেল