‘মা মা’ ডাক আর শুনবেন না ওমর সানী, শোকে কাঁদছেন নায়ক
শোকের মধ্যে দিন কাটছে চিত্রনায়ক ওমর সানীর। আদর করে তাকে ‘পুচকি’ ও ‘অ্যাঞ্জেল’ বলে ডাকতেন তিনি। দীর্ঘদিনের সঙ্গীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা। নানা স্মৃতি ও ভালোবাসার কথা তুলে ধরেছেন তিনি।
ওমর সানীর বিড়ালটি মারা গেছে। খবরটি শেয়ার করে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আজ আমার জীবনের ভীষণ কষ্টের একটি দিন। আমার আদরের সাদা বিড়ালটি, আমার অ্যাঞ্জেল, যাকে আমি ভালোবেসে পুচকি বলে ডাকতাম, আজ আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল।’
পুচকির সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিচারণ করে অভিনেতা জানান, তাকে ছাড়া থাকতে পারত না বিড়ালটি। তিনি বাইরে থেকে ফিরলে অপেক্ষায় বসে থাকত। খাওয়ার সময় পেছনে পেছনে ঘুরে মিষ্টি স্বরে ডাকত ‘মা মা মা’।
গোসল করানোর সময় অন্য কাউকে কাছে আসতে না দিলেও তার কাছে ঠিকই নিজেকে সঁপে দিত পুচকি। গোসল করিয়ে, হেয়ার ড্রাই করে আদর করে সাজিয়ে দিতেন তিনি।
পুচকির অসুস্থতার দিনগুলোর কথাও স্মরণ করেছেন ওমর সানী। একবার গুরুতর অসুস্থ হয়ে প্রায় ২১-২২ দিন আইসিইউতে ছিল বিড়ালটি। সেই সময় তার সুস্থতার জন্য অনেক কান্নাকাটি ও দোয়া করেছিলেন অভিনেতা। তখনই মনে হয়েছিল, হয়তো কোনো একদিন তাদের একজনকে আরেকজনকে ছেড়ে যেতে হবে। তবে এত দ্রুত সেই দিন আসবে, তা ভাবেননি তিনি।
- ট্যাগ:
- বিনোদন
- মৃত্যু
- পোষা বিড়াল
- ওমর সানি