বাংলাদেশের পেস আক্রমণকে ‘দারুণ’ বললেন কনরাড
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের অবস্থান পাঁচ নম্বরে। দুই টেস্টের সিরিজ বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা খেলবে ঘরের মাঠে, চেনা কন্ডিশনে। স্বাগতিকদের জন্য থাকবে গ্যালারিভরা সমর্থনও। তাছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো টেস্টও জিতেনি বাংলাদেশ।
সব মিলিয়ে ১৫ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজে সন্দেহাতীতভাবেই ফেবারিট দক্ষিণ আফ্রিকা। তারপরও এই সিরিজে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা।
আর এ কথাই গতকাল সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকা দলের কোচ শুকরি কনরাড। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টই হবে জোহানেসবার্গ ও প্রিটোরিয়ায়, হাইভেল্ড অঞ্চলের উঁচুতে। এসব জায়গার কন্ডিশনে পেসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করেন কনরাড। আর বাংলাদেশের পেস আক্রমণ মোটেও দুর্বল নয় বলে মনে করেন প্রোটিয়া কোচ। বললেন, ‘বাংলাদেশের এখন দারুণ একটি পেস আক্রমণ গড়ে উঠেছে। আগের বছরগুলোতে তারা এখানে অনেকটা দুর্বল বোলিং আক্রমণ নিয়ে আসত, কিন্তু এখন তাদের এমন বোলার আছে যারা সমানে সমান লড়াই করতে পারে।’