নবদম্পতিদের মধ্যে যেসব তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়
বিয়ে পরবর্তী প্রথম বছরটি যে কেবল রোমান্স আর হানিমুনের ছবিতে ভরা থাকে না, তা আগে থেকে কেউ বলে দেয় না। এই সময়েই মানুষ আবিষ্কার করে যে, যাকে সে ভালোবাসে, সে হয়তো টুথপেস্টের টিউবটি মাঝখান থেকে চেপে ধরে, ভেজা তোয়ালে বিছানায় ফেলে রাখে, কিংবা রাত ১টার সময় আড্ডা শুরু করাকে একদম স্বাভাবিক বিষয় বলে মনে করে! এতদিন যারা নিজেদের মতো করে জীবন কাটিয়েছেন, তারা যখন হঠাৎ একই বাড়িতে, একই ফ্রিজ আর একই রিমোট শেয়ার করতে শুরু করেন, তখন ছোটখাটো বিষয়গুলো জমে উঠতে থাকে। তবে এই ঝগড়াগুলোর মানে এই নয় যে সম্পর্কে বড় কোনো সমস্যা আছে। বরং নতুন জীবনে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় এগুলো খুবই স্বাভাবিক; পরবর্তী সময়ে দম্পতিরা এসব নিয়ে হাসাহাসিই করেন।
বাসনপত্র ধোয়া নিয়ে ঝগড়া
সবকিছু শুরু হয় সিঙ্কে একটি প্লেট ফেলে রাখার মাধ্যম। ভাবনাটা থাকে এমন, “আজকের রাতটুকুর জন্যই তো!” আর শেষ পর্যন্ত তা ন্যায্যতার প্রশ্নে বড় ধরনের বিতর্কে রূপ নেয়। বিয়ের শুরুর দিকে ঘরের কাজগুলো স্পষ্টভাবে ভাগ করা থাকে না; প্রত্যেকেই মনে মনে আশা করেন যে, কী করা প্রয়োজন তা অন্যজন নিজেই বুঝে নেবেন। একজন হয়তো মনে করেন রাতের খাবারের পরপরই বাসন ধুয়ে ফেলা উচিত, অন্যজনের মতে সেগুলো সকাল পর্যন্ত ফেলে রাখলেও ক্ষতি নেই। এখানে কেউই ভুল নন, কিন্তু দুজনেই মনে করেন যে তাদের কাজের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। যে দম্পতিরা চুপচাপ মনে মনে হিসাব না কষে বরং বসে আলোচনার মাধ্যমে কাজ ভাগ করে নেন, তাদের ক্ষেত্রে সিঙ্ক বা রান্নাঘরটি খুব দ্রুতই আর ঝগড়ার ক্ষেত্র হয়ে থাকে না।
রাতের খাবারে কী খাওয়া হবে
“কী খেতে চাও?” “যেকোনো কিছু।” “আচ্ছা, পাস্তা খেলে কেমন হয়?” “পাস্তা না।”- কথাগুলো পরিচিত মনে হচ্ছে? নবদম্পতিদের মধ্যে খাবার নিয়ে ছোটখাটো মতবিরোধ হওয়া খুবই সাধারণ বিষয়, কারণ প্রতিটি পরিবারের খাদ্যাভ্যাস ভিন্ন হয়। হয়তো একজন ঝালযুক্ত ঘরোয়া খাবার খেয়ে বড় হয়েছেন, আর অন্যজন হালকা খাবার পছন্দ করেন; অথবা একজন বাইরে থেকে খাবার অর্ডার করতে ভালোবাসেন, আর অন্যজন নিজে রান্না করতে চান। এর সাথে যদি যোগ হয়- কে রান্না করবে, কে বাজার করবে আর কে সাপ্তাহিক মেনু ঠিক করবে, তবে সাধারণ রাতের খাবার নিয়েও বড় ধরনের দরকষাকষি শুরু হয়ে যেতে পারে! তাই দুজনে মিলে খাবারের পরিকল্পনা করলে খুব নিখুঁত না হলেও দৈনন্দিন জীবনের অনেক চাপই কমে যায়।
ঘুমানোর সময় ও অভ্যাস
প্রতি রাতে অন্য কারো পাশে ঘুমানোর বিষয়টি যতটা সহজ মনে হয়, বাস্তবে মানিয়ে নেওয়া তার চেয়ে অনেক বেশি কঠিন হতে পারে। হয়তো একজন মানুষ একদম অন্ধকার ঘর আর খুব ঠান্ডা এসি পছন্দ করেন, অথচ অন্যজনের প্রয়োজন মৃদু আলো (নাইট ল্যাম্প) আর ফ্যান চালিয়ে রাখা। কেউ হয়তো ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েন, আবার কারও কাছে ফোনের সামান্য আলোটুকুও বিরক্তিকর মনে হয়। এর সঙ্গে যদি যোগ হয় নাক ডাকা, কম্বল টেনে নেওয়া বা ঘুম থেকে ওঠার ভিন্ন ভিন্ন সময় তবে শোবার সময়ের পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে। তবে আশার কথা হলো, পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। আলাদা কম্বল ব্যবহার করা, চোখের ওপর মাস্ক (আই মাস্ক) পরা কিংবা ফোন ব্যবহারের একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে নেওয়া- এসব পদক্ষেপ আপনার ঘুম ও মানসিক প্রশান্তি উভয়ই রক্ষা করতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- দাম্পত্য জীবন
- ঝগড়া
- নবদম্পতি