ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, থাকছে যেসব নতুন সুবিধা
ভারতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টি করা হয়েছে। পাশাপাশি আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ কমানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই ৯ শ্রেণিতে ভিসা দেওয়া হবে।
গত ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় শ্রেণি কমানোর সিদ্ধান্তের কথা জানালেও গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন ঘোষণা দেওয়া হয়।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসার প্রধান শ্রেণি ২২টি থেকে ১৩টি এবং উপশ্রেণি ৬৩টি থেকে ৪৯টিতে নামানো হয়েছিল।
নতুন নিয়মে আগের ট্যুরিস্ট ভিসার নাম বদলে ভিজিটর ভিসা করা হয়েছে। এ ক্ষেত্রে ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন, যাতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।
পর্যটন, ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্যসেবামূলক অবকাশ, স্বল্পমেয়াদি চিকিৎসা, ট্রানজিট এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়া যাবে ভিজিটর ভিসায়।
এদিকে, আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ বা ১০ বছর। এতে ভি-১-এর কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগ থাকবে। এ ছাড়া পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের ভিসা দেওয়া হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভারতীয় ভিসা
- নতুন নিয়ম