জাতীয় মঞ্চে প্রদর্শনী, চলনবিলে শামুক কুড়ানো আদিবাসীর হাতে হাতকড়া

বিডি নিউজ ২৪ খোকন সুইটেন মুর্মু প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১৭:০৮

আদিবাসীদের ঐতিহ্যবাহী খাবার নিয়ে রাজধানীর মিরপুরে ৬-৭ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চমবারের মতো ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’। এর আয়োজক ছিল আদিবাসী উন্নয়ন সুহৃদ ও মানবাধিকার উন্নয়ন সংগঠন ‘নাগরিক উদ্যোগ’। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ওই মেলায় পাহাড় ও সমতলের আদিবাসীদের বিচিত্র খাবারের পসরা সাজিয়েছিলেন মান্দি (গারো), মণিপুরি, সাঁওতাল ও রাখাইনসহ বিভিন্ন জনগোষ্ঠীর উদ্যোক্তারা। এই মেলার আয়োজন রাজধানীবাসীর কাছে বেশ প্রশংসিত হয়েছে।


অথচ ঠিক সেই সময়েই নাটোর জেলার সিংড়া উপজেলার সাতপুকুরিয়া চলনবিল এলাকায় নিজেদের চিরায়ত ঐতিহ্যবাহী খাবার শামুক সংগ্রহ করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের হাতে ৪ নভেম্বর গ্রেপ্তার হয়ে নাটোর জেলের ঘানি টানছিলেন ওরাঁও আদিবাসী জাতিগোষ্ঠীর দুজন—স্বপন এক্কা (৩৫) ও সুখচাঁন ওরাঁও (৪৫)। আপাতদৃষ্টে সামান্য এই ঘটনাটিই রাষ্ট্রের দ্বৈত চরিত্রকে জনসমক্ষে স্পষ্ট করে।


আদিবাসীদের ঐতিহ্যবাহী খাবার তাদের মূল শিকড়ের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রাখে। তারা প্রকৃতি থেকে ঐতিহ্যবাহী খাদ্য সংগ্রহ করে নিজস্ব রীতি ও সংস্কৃতি মেনে। তাই তারা কখনোই প্রজননকালে বন থেকে ফলমূল, বন্য প্রাণী, ভেষজ উদ্ভিদ কিংবা বিল-ঝিল থেকে মাছ, শামুক, ঝিনুক, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণী সংগ্রহ করে না। এভাবে আদিবাসীরা মূলত প্রকৃতির প্রাণবৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিপালন করে থাকে। বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৬ শতাংশের মতো আদিবাসী হলেও তারাই পৃথিবীর ৮০ শতাংশ জীববৈচিত্র্য ও প্রকৃতি রক্ষায় সরাসরি ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের ক্ষেত্রেও এ কথা সমান সত্য; একটু খতিয়ে দেখলেই বোঝা যায়, দেশের যেটুকু বনভূমি ও প্রাণবৈচিত্র্য এখনো অবশিষ্ট রয়েছে, তার মূল অভিভাবক এই আদিবাসীরাই।


বর্তমানে মিরপুরে বেসরকারি উদ্যোগে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’ অনুষ্ঠিত হলেও অতীতে সরকারিভাবেও আদিবাসীদের খাদ্য ও পোশাক নিয়ে একাধিকবার ‘আদিবাসী সাংস্কৃতিক মেলা’ অনুষ্ঠিত হয়েছে। এসব প্রদর্শনীতে স্থান পেয়েছে তাদের ঐতিহ্যবাহী খাদ্য ও পানীয়, পোশাক-পরিচ্ছদ, শিকারের সরঞ্জাম, অলংকার এবং সাংস্কৃতিক নৃত্যগীত। আদিবাসীদের সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত করা নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ। তাছাড়া বাংলাদেশের সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদে রাষ্ট্রের পক্ষ থেকে অনগ্রসর ও ভিন্ন সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া আদিবাসীদের স্বতন্ত্র সংস্কৃতি ও জীবনধারা সংরক্ষণের জন্য রক্ষাকবচ হিসেবে রয়েছে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ (সংশোধিত)’। বাংলাদেশ যে বাঙালি ছাড়াও অর্ধশতাধিক আদিবাসী জাতিগোষ্ঠী ও বিচিত্র সংস্কৃতির জ্ঞানের আধার, তা উপরোক্ত আইনি ও সাংবিধানিক কাঠামো থেকেই স্পষ্ট বোঝা যায়।


সমতল ও পাহাড়ের আদিবাসীদের পাশাপাশি বৌদ্ধ সম্প্রদায়ের কাছেও শামুক, ঝিনুক ও কাঁকড়া অত্যন্ত জনপ্রিয় খাবার। উত্তরাঞ্চলের সাঁওতালরা বড় শামুককে ‘গোংহা’ এবং ছোট শামুককে ‘রোকচ’ বলে থাকে। এছাড়া সাদরি ভাষাভাষী জনগোষ্ঠী (মুণ্ডা, ওরাঁও, মাহাতো, মালো ও তুরি) শামুককে সাধারণত ‘ঘুংগী’ নামে ডাকে। এই শামুক দিয়ে তৈরি খিচুড়ি, পিঠা ও বিভিন্ন তরকারি আদিবাসীদের ঐতিহ্যবাহী পুষ্টিকর খাবার।


কালের পরিক্রমায় উত্তরাঞ্চলের আদিবাসীদের বড় একটি অংশই আজ ভূমিহীন। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের আদিবাসীদের জন্য শুষ্ক মৌসুমে (নভেম্বর–এপ্রিল) ধান কাটা ও মাড়াই ছাড়া তেমন কোনো কাজ থাকে না। ফলে বেঁচে থাকার তাগিদে তারা বুনো ঝোপঝাড় থেকে বিভিন্ন ধরনের বন-আলু (সাঁওতালি ভাষায়—সাং, আড়হা, ডাম্বুরু, কোল ইত্যাদি) সংগ্রহ করে থাকে, যা সকালের নাশতা কিংবা রাতের প্রধান খাবার হিসেবে ব্যবহৃত হয়। বাঙালিরা এসব বন-আলু বা বিষ-আলু খাওয়ার প্রক্রিয়াকরণ পদ্ধতি জানে না বিধায় তারা এগুলোতে হাত দেয় না; ফলে প্রকৃতি থেকে আদিবাসীরা তা সংগ্রহ করতে পারে। বন-আলু সংগ্রহের সময় আদিবাসীরা আলু তুললেও গাছের মূল ও কাণ্ড এমনভাবে মাটিতে রেখে দেয়, যাতে পরবর্তী বছরে একই জায়গা থেকে পুনরায় খাদ্য পাওয়া যায়। অর্থাৎ, বনের বাস্তুসংস্থান ও নিয়ম মেনেই তারা খাবার সংগ্রহ করে।


একইভাবে জলাশয় থেকে শামুক, ঝিনুক, কাঁকড়া বা কুচিয়া সংগ্রহের ক্ষেত্রেও আদিবাসীরা পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ রাখে। উত্তরাঞ্চলে শীত ও শুষ্ক মৌসুমে বিল-ঝিলের পানি শুকাতে শুরু করলে তারা এসব জলজ প্রাণী সংগ্রহ করে। নিজস্ব ঐতিহ্যবাহী প্রক্রিয়ায় রোদে শুকিয়ে বা সংরক্ষণ করে তারা সারা বছর তরকারিতে ব্যবহার করে। শুষ্ক মৌসুমে জলাশয়ের পানি কমে গেলে যে শামুকগুলো মাটির নিচে ঢুকতে পারে না, সেগুলো রোদে পুড়ে প্রকৃতিতেই মারা যেত। কিন্তু আদিবাসীরা কখনোই বর্ষায় কিংবা প্রজনন মৌসুমে জলজ প্রাণী আহরণ করে না। তারা জানে কোন সময়ে প্রকৃতির দান গ্রহণ করতে হয় এবং কোন সময়ে তাকে বেড়ে ওঠার অবকাশ দিতে হয়। তাই আদিবাসীদের লোকায়ত জ্ঞানই আসলে প্রকৃতি সুরক্ষার মূল চাবিকাঠি।


বাস্তব চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, প্রকৃতি থেকে শামুক-ঝিনুক যদি নির্বিচারে কেউ ধ্বংস করে থাকে, তবে তারা হচ্ছে অসাধু বাণিজ্যিক চক্র। বিভিন্ন মাধ্যম ও যোগাযোগ নম্বর ব্যবহার করে প্রশাসনের নাকের ডগাতেই প্রকাশ্য শামুকের বাজার ও ব্যবসা চালানো হচ্ছে। বর্ষা ও প্রজনন মৌসুমে চলনবিল থেকে টনকে টন শামুক-ঝিনুক তুলে হাঁসের খামার ও মাছের খাদ্য হিসেবে চড়া দামে বিক্রি করে এরা বিপুল মুনাফা লোটে। বাণিজ্যিক এই অতিরিক্ত আহরণ চলনবিলের জীববৈচিত্র্যের জন্য চরম ধ্বংসাত্মক। অথচ আদিবাসীরা শুষ্ক মৌসুমে খাবার হিসেবে নিজেদের বেঁচে থাকার জন্য যে সামান্য পরিমাণ শামুক সংগ্রহ করে, তা পরিবেশের কোনো ক্ষতি তো করেই না, বরং অপচয় রোধ করে।


গত ৪ নভেম্বর নাটোরের সিংড়ার চলনবিল থেকে শামুক সংগ্রহের অভিযোগে দিনাজপুরের নবাবগঞ্জ ও হাকিমপুর থেকে আসা দুই ওরাঁও ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত আটক করে ৭ দিনের কারাদণ্ড দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার পাশাপাশি ‘জাতীয় আদিবাসী পরিষদ’সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন রাজপথে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে আট দফা দাবিতে স্মারকলিপি পেশ করে। আন্দোলনের মুখে গত ১০ নভেম্বর আদালত তাদের বেকসুর খালাস দিতে বাধ্য হয়। ভার্চুয়াল মাধ্যমে প্রতিবাদ জোরালো হওয়ায় এই দুজন হয়তো শেষ পর্যন্ত মুক্তি পেয়েছেন, কিন্তু এমন অসংখ্য অন্যায্য নিপীড়ন প্রতিনিয়ত আড়ালেই থেকে যায়। এখানে রাষ্ট্রের কাছে প্রশ্ন থেকে যায়—আদিবাসীদের সংস্কৃতি ও অধিকার সংরক্ষণের সাংবিধানিক প্রতিশ্রুতি কি কেবলই কাগুজে দলিল?


বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের অস্পষ্ট প্রয়োগ ঘটিয়ে স্থানীয় প্রশাসন কর্তৃক দরিদ্র আদিবাসীদের এভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া কতটা ন্যায়সঙ্গত? উত্তরাঞ্চলের দরিদ্র ও ভূমিহীন আদিবাসীরা কেবল বাঁচার তাগিদে সীমিত খাদ্য আহরণ করে। অথচ যারা বাণিজ্যিক উদ্দেশ্যে প্রজনন মৌসুমে ট্রাককে ট্রাক শামুক পাচার করে বাস্তুতন্ত্র ধ্বংস করছে, তারা থাকছে ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশের সংবিধান, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ (সংশোধিত)’, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১৬৯-এর অনুচ্ছেদ ১৩ এবং ২০০৭ সালের আদিবাসী বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্রে (ইউএনডিআরআইপি) আদিবাসীদের চিরায়ত সংস্কৃতি ও জীবনাচরণের সুরক্ষার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। তাই বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে আদিবাসীদের ঐতিহ্যবাহী খাদ্য ও সম্পদ আহরণের প্রথাগত অধিকারকে স্পষ্টভাবে স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও