শেখ হাসিনার দেশে ফেরার 'তৎপরতা' কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?
বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন দুই বছরেরও বেশি সময় ধরে। এরপর বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের কিছুদিন পর থেকেই তিনি কয়েকবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি ডিসেম্বর মাসেই দেশে ফিরবেন।
এরপর বাংলাদেশের রাজনীতিতেও গত মাসখানেক ধরেই এটি নিয়ে নানা আলোচনা হয়েছে। সর্বশেষ চলতি সপ্তাহে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাঠানো একটি চিঠি এই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে।
সোমবার শেখ হাসিনা'র জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি আবেদন করা হয়েছে।
যদিও ইমেইলে লন্ডনভিত্তিক একটি ল' ফার্মের মাধ্যমে পাঠানো এই চিঠি বা আবেদনটি কতটুকু সত্য সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের স্বরাষ্টমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পাসপোর্ট ও এনআইডি বিষয়ে শেখ হাসিনার আবেদনের পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে 'সন্ত্রাসী' বর্ণনা করে বাংলাদেশ থেকে তাকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না বলেও জানিয়েছেন।
সরকারের মন্ত্রী উপদেষ্টারা এটিও বলছেন যে, শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের মাধ্যমে নয়, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত আনতে চায় সরকার।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি কার্ডের আবেদনের বিষয়টি নিয়ে বর্তমান সরকার কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটি কী সরকার কিংবা বিএনপিকে চাপে ফেলছে কিনা সেই প্রশ্নও সামনে আসছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কিংবা এনিয়ে তৎপরতার মাধ্যমে একদিকে যেমন আওয়ামী লীগে তার কর্মী সমর্থকদের চাঙ্গা রাখতে চাইছে, অন্যদিকে সরকারকে কিছুটা চাপেও ফেলার চেষ্টা করছে।
তবে, ক্ষমতাসীন বিএনপির নেতারা বলছেন এ নিয়ে তারা কোনো চাপে নেই। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা একটি নাটক।
গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার।