এনসিপির নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রোল বোমা ছোড়ার দাবি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে।
প্রতিপক্ষের পেট্টোল বোমা হামলায় এ ঘটনা ঘটেছে বলে এনসিপি নেত্রীর দাবি।
বুধবার রাত ১২টার কিছু পরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শেষ করে বলে জানিয়েছেন ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, “সংসদ সদস্য নুসরাত তাবাসসুম আগুনের বিষয়টি আমাকে মুঠোফেনে জানালে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
“তবে এই সময়ের মধ্যে আট কক্ষ বিশিষ্ট টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে দুটি ছাগল পুড়ে গেছে।”
ওসি বলেন, “ঘটনাস্থলের সন্নিকটেই নুসরাত তাবাসসুমের মা–বাবা আরেকটি তিন তলা ভবনের তৃতীয় তলায় থাকেন। সেখানে আগুন লাগেনি এবং তার পরিবারের কেউ অগ্নিদগ্ধ বা ক্ষতিগ্রস্ত হননি।