পোশাকশ্রমিকরা ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন
মূল্যস্ফীতির চাপে থাকা পোশাকশ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করতে বিশেষ ওএমএস চালু করতে যাচ্ছে সরকার।
খোলাবাজারে পণ্য বিক্রির এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, চলতি মাস থেকেই এ কর্মসূচি শুরু হবে। সম্ভবত ২০ নভেম্বর থেকে চাল বিক্রি শুরু হবে।
মজুরি বৃদ্ধির দাবিতে শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের মধ্যে সরকার এ সিদ্ধান্ত নিল। চলতি মাসের শুরুতে গঠিত ন্যুনতম মজুরি বোর্ড ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং দুটি সভা করেছে।
সোমবারের সভায় শ্রমিক প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন।
প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় এ কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে খাদ্য মন্ত্রণালয়।
পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি ট্রাকে করে শ্রমিকদের কাছে চাল বিক্রি করা হবে।
কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সাশ্রয়ী মূল্য
- পোশাক শ্রমিক