ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
মঙ্গলবার নবনিযুক্ত স্থানীয় সরকার প্রকৌশলীদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছিলেন প্রতিমন্ত্রী। একইসঙ্গে এলজিইডির কাজের গুণগত মান নিয়ে মানুষ প্রশ্ন তুলছে উল্লেখ করে সেটি ঠিক করতেও প্রকৌশলীদের আহ্বান জানিয়েছিলেন তিনি।
বাংলাদেশে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের মান, ব্যয় এবং ঠিকাদারদের সঙ্গে প্রকৌশলীদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে।
বিশেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের কাজ এবং আর্থিক দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।
তবে কেবল স্থানীয় সরকার প্রকৌশলীই নয় অন্যান্য সরকারি প্রকৌশলীদের বিরুদ্ধেও অবৈধ অর্থের লেনদেন, ঘুষ গ্রহণের অভিযোগ বহুল চর্চিত।
প্রায়শই প্রকৌশলীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে ঘুষ লেনদেন বা অবৈধ আর্থিক লেনদেনের অনুসন্ধান, তদন্ত করতেও শোনা যায়।
ফলে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের আইনে কোনটি ঘুষ আর কোনটি উপহার বা উপঢৌকন?
একইসঙ্গে, প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে ঘুষ দেওয়াকে আরো উৎসাহিত করা বা বৈধতা দেওয়া হলো কীনা?
এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের আইনানুযায়ী সরকারি কর্মচারীরা উপহারও নিতে পারেন না। ফলে তার বক্তব্যে এখন স্বার্থের সংঘাত তৈরি হবে। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে এমন বক্তব্য সাংঘর্ষিক এবং সরকারের জন্য বিব্রতকর বলেও উল্লেখ করেন সংশ্লিষ্টরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঘুষ লেনদেন