গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই
কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসা বা গোপনে বৈঠক করার কোনো ইতিহাস জামায়াতে ইসলামীর নেই বলে দাবি করেছেন দলটির আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে বসবো, কোনো এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধির বক্তব্যের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
এর আগে দেশে সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে জামায়াত আমির যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত পোষণ করে স্বরাষ্ট্রমন্ত্রী দলটির প্রতি ইঙ্গিত করে ‘ঢাকায় বিদেশি এজেন্সির সঙ্গে গোপন বৈঠক’ নিয়ে সন্দেহ পোষণ করেন।
তিনি বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত আমির বলেন, যারা আমাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন, তারাই দেশে-বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে তাদের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন। প্রকাশ্যে বলেছেন, তাদের দলের অতীতের নীতি ভুল ছিল, ভবিষ্যতে আর সেই ভুল করবেন না।
ডা. শফিকুর বলেন, আমি উনার (স্বরাষ্ট্রমন্ত্রীর) বক্তব্যের শেষ থেকে শুরু করতে চাই। উনি শেষের দিকে এসে একটি আবেদন জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যেভাবে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেবো। উনার এই অনুভূতির জন্য ধন্যবাদ।