কেন আমরা এমন জিনিস কিনি যা আসলে প্রয়োজন নেই?
আমরা মনে করি যে, আমরা বেশ ভেবেচিন্তেই খরচের সিদ্ধান্ত নিই। আমরা দরদাম করি, কম দামে সমমানের পণ্য খুঁজে বের করি এবং এই কেনাকাটা নিয়ে বেশ তৃপ্তিবোধ করি! কিন্তু আমাদের অনেকেই এমন সব জিনিস কিনে ফেলি, যার কোনো প্রয়োজন নেই বা যা কেনার কোনো পরিকল্পনাও ছিল না। অপ্রয়োজনীয় পণ্য কেনার কারণ সবসময় এটি নয় যে, আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব রয়েছে; বরং এর পেছনে কাজ করে মানুষের মনস্তত্ত্ব। যেমন খবরের কাগজে কোনো বিজ্ঞাপন দেখে অনলাইনে অর্ডার করা, অথবা ছাড়ের সময় পোশাক কেনা।
মানুষের খরচের ধরন তাদের আবেগ, ব্যয়ের অভ্যাস, সামাজিক পরিবেশ এবং তাৎক্ষণিক তৃপ্তি পাওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত। এই মনস্তাত্ত্বিক কারণগুলো সম্পর্কে সচেতন হলে মানুষ আরও যৌক্তিকভাবে আর্থিক সিদ্ধান্ত নিতে পারে এবং খরচের ক্ষেত্রে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারে।
আবেগতাড়িত কেনাকাটা এবং তাৎক্ষণিক তৃপ্তি
মানুষ কেন এমন সব জিনিস কেনে যার আসলে কোনো প্রয়োজন নেই, তার সবচেয়ে বড় কারণটি কী? তা হলো আবেগতাড়িত কেনাকাটা (emotional spending)। কেনাকাটা করলে তাৎক্ষণিকভাবে মেজাজ ভালো হতে পারে, মানসিক চাপ কমতে পারে অথবা এক ধরনের উত্তেজনা অনুভূত হতে পারে। কেনাকাটা সাময়িকভাবে মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে সাহায্য করে এবং ভালো লাগার অনুভূতি দেয়। যখন মানুষ একঘেয়েমি, উদ্বেগ বা একাকীত্বে ভোগে, তখন কেনাকাটায় মেতে ওঠা তাদের কাছে সাময়িকভাবে ভালো বোধ করার একটি উপায় হয়ে দাঁড়ায়।
- ট্যাগ:
- লাইফ
- স্বাস্থ্যকর অভ্যাস