বুড়িগঙ্গা সেতুর নিচে মডেল তিন্নির মরদেহ মিলেছিল, আলোচিত মামলার সর্বশেষ অবস্থা কী
ফেসবুকে ঘুরছে পুরোনো ছবি। ছবির মানুষটি একসময় ছিলেন টেলিভিশনের বিজ্ঞাপনের পরিচিত মুখ—মডেল তিন্নি । মঙ্গলবার থেকে বিভিন্ন গ্রুপে তাঁর ছবি প্রকাশ করে স্মৃতিচারণা করছেন অনেকে। উপলক্ষ তাঁর চলে যাওয়ার দিন! গতকাল মঙ্গলবার, ১০ নভেম্বর পূর্ণ হলো সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির মৃত্যুর ২৪ বছর। পুরোনো দর্শকের স্মৃতিতে ফিরছেন বিজ্ঞাপনে দেখা সেই তরুণী। আর নতুন প্রজন্মের সামনে আসছে তাঁর সংক্ষিপ্ত কর্মজীবন ও মর্মান্তিক পরিণতির গল্প। সেই সঙ্গে প্রশ্নও—কে ছিলেন তিন্নি, কীভাবে থেমে গেল তাঁর পথচলা, আর কী হলো আলোচিত সেই হত্যা মামলার?
বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পাওয়া তিন্নি তখন অভিনয়েও নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন । বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করছিলেন টেলিভিশন নাটকে। চলচ্চিত্রে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে বড় পর্দায় সেই যাত্রা আর শুরু হয়নি।
২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গার বাংলাদেশ–চীন মৈত্রী সেতু–১-এর নিচে পাওয়া যায় তাঁর মরদেহ। প্রথমে পরিচয় মেলেনি; অজ্ঞাতপরিচয় নারী হিসেবে দাফনও করা হয়েছিল তাঁকে। পরে পত্রিকায় প্রকাশিত ছবি থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন তাঁর মৃত্যুর খবর। এরপর তিন্নির নাম জড়িয়ে যায় দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার সঙ্গে। মৃত্যুর দুই যুগ পর তাঁকে ঘিরে নতুন আলোচনায় তাই ফিরে আসছে দুটো গল্প—বিনোদনজগতে সম্ভাবনা নিয়ে এগিয়ে চলা এক তরুণীর জীবন এবং তাঁর হত্যার বিচার চেয়ে পরিবারের দীর্ঘ অপেক্ষা ।