প্রথম শ্রেণিতে বাড়ল ভর্তির বয়স, দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষার মানবণ্টন
প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে। পাশাপাশি দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনে লিখিত ভর্তি পরীক্ষার বিস্তারিত মানবণ্টন প্রকাশ করা হয়েছে।
বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার রাতে নীতিমালাটি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি, ২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে ছয় বছর বা তার বেশি, তবে অবশ্যই সাত বছরের কম হতে হবে (জন্ম তারিখ ০১-০১-২০২০ হতে ৩১-১২-২০২০ পর্যন্ত)।
২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছিল পাঁচ বছর।
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্কুলে ভর্তি
- বয়স নির্ধারণ