বিবাহ নিবন্ধন: নাগরিক অধিকার, রাজস্ব ও জবাবদিহির উপেক্ষিত অধ্যায়
বিবাহ কেবল দুজন মানুষের পারিবারিক সম্পর্কের সামাজিক স্বীকৃতি নয়; এর সঙ্গে জড়িয়ে আছে নাগরিকের আইনি পরিচয়, সম্পত্তির অধিকার, উত্তরাধিকার, ভরণপোষণ ও আর্থিক নিরাপত্তা। তবে বিবাহ নিবন্ধনের গুরুত্ব নাগরিক অধিকার সংরক্ষণেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে সরকারি রাজস্ব আহরণ, আর্থিক স্বচ্ছতা, প্রশাসনিক দক্ষতা ও রাষ্ট্রের জবাবদিহি। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় জন্ম, মৃত্যু, বিবাহ ও তালাক নিবন্ধনকে গুরুত্বপূর্ণ নাগরিক সেবা হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিকভাবে নাগরিক নিবন্ধন ও গুরুত্বপূর্ণ পরিসংখ্যানব্যবস্থা (সিআরভিএস) জনসংখ্যার নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণের পাশাপাশি কর প্রশাসন, সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে। বাংলাদেশও সিআরভিএস++ কৌশলের মাধ্যমে এসব নিবন্ধনকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। কিন্তু বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে এখনো লক্ষ্য ও বাস্তবতার মধ্যে যথেষ্ট ব্যবধান রয়েছে।
বাংলাদেশে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধনের দীর্ঘদিনের আইনগত কাঠামো থাকলেও হিন্দু, খ্রিস্টান ও বিশেষ বিবাহের জন্য পৃথক আইন কার্যকর। বৌদ্ধ জনগোষ্ঠীর জন্য স্বতন্ত্র বিবাহ নিবন্ধনব্যবস্থাও এখনো গড়ে ওঠেনি। ফলে নিবন্ধন প্রক্রিয়া, ফি আদায়, নথি সংরক্ষণ ও তদারকিতে অভিন্নতা প্রতিষ্ঠিত হয়নি। এই বিচ্ছিন্ন ব্যবস্থার প্রভাব শুধু প্রশাসনিক জটিলতায় সীমাবদ্ধ নয়; সরকারি রাজস্বের হিসাব সংরক্ষণ ও আর্থিক জবাবদিহিও এতে দুর্বল হচ্ছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বিবাহ নিবন্ধন বাবদ সংগৃহীত অর্থের প্রকৃত হিসাব কোথায়? সরকারের নির্ধারিত বিধান অনুযায়ী নিবন্ধন ফি আদায় হলেও বছরে মোট কত অর্থ সংগৃহীত হচ্ছে, কত অংশ সরকারি কোষাগারে জমা পড়ছে এবং কত অর্থ বকেয়া থাকছে, তার নির্ভরযোগ্য কেন্দ্রীয় হিসাব সহজলভ্য নয়। ফলে সম্ভাব্য রাজস্ব, প্রকৃত আদায় এবং সরকারি প্রাপ্য অর্থের মধ্যে ব্যবধান নিরূপণ করা কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রের নামে অর্থ সংগ্রহের ক্ষেত্রে এমন তথ্যগত ঘাটতি আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করে।
বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে আইন মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, দেশে প্রায় ছয় হাজার নিবন্ধিত নিকাহ রেজিস্ট্রার বা কাজি রয়েছেন। সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, তাদের মাধ্যমে প্রতিবছর হাজার কোটি টাকার বেশি আর্থিক লেনদেন হতে পারে। দেনমোহরের পরিমাণ বৃদ্ধির সঙ্গে নিবন্ধন ফির পরিমাণও বাড়ে। ফলে এই খাতের আর্থিক গুরুত্ব যথেষ্ট। অথচ নিবন্ধনের সংখ্যা, আদায়কৃত ফি এবং সরকারি অংশের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার না থাকায় রাজস্ব প্রবাহ নিরূপণ, হিসাব যাচাই ও নিরীক্ষা কঠিন হয়ে পড়েছে।
সাম্প্রতিক একটি সংবাদ এই খাতের প্রাতিষ্ঠানিক দুর্বলতার ভিন্ন দিক সামনে এনেছে। প্রতিবেদন অনুযায়ী, দেশে নিকাহ রেজিস্ট্রারের প্রায় ১,৪০০টি পদ শূন্য রয়েছে। শূন্য পদ পূরণ, নির্ধারিত কর্মএলাকা ও বিদ্যমান অধিকার সংরক্ষণ এবং নিবন্ধন ফি বৃদ্ধির দাবিতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। সংগঠনগুলোর দাবি, একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে মাত্র পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এই আয় দিয়ে পারিবারিক ব্যয় নির্বাহ কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি বিদ্যমান কর্মএলাকা বিভক্ত করে একাধিক রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
এই দাবিগুলো বিবাহ নিবন্ধনব্যবস্থার সংস্কারে গুরুত্বপূর্ণ নীতিগত প্রশ্ন উত্থাপন করে। একদিকে প্রায় ১,৪০০টি পদ শূন্য থাকা নিবন্ধনসেবা সম্প্রসারণ ও নাগরিকের সহজ প্রবেশাধিকারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে; অন্যদিকে বিদ্যমান নিবন্ধকদের আয়, কর্মএলাকা ও পেশাগত নিরাপত্তার বিষয়ও বিবেচনায় নেওয়া জরুরি। তবে শূন্য পদ পূরণ, নতুন নিয়োগ এবং নিবন্ধন ফি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণের আগে সেবার প্রকৃত চাহিদা, নিবন্ধনের সংখ্যা, নিবন্ধকদের আয় এবং সরকারি রাজস্বের হিসাব পর্যালোচনা করা প্রয়োজন। শুধু ফি বাড়ালে নাগরিকের ব্যয় বাড়তে পারে, অথচ ব্যবস্থাপনার মৌলিক দুর্বলতা অমীমাংসিত থেকে যেতে পারে।
বাংলাদেশের অর্থনীতিতে রাজস্ব আহরণের সীমাবদ্ধতা দীর্ঘদিনের। কর ও মোট দেশজ উৎপাদনের অনুপাত তুলনামূলকভাবে কম, অথচ শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তায় সরকারি ব্যয়ের চাহিদা ক্রমাগত বাড়ছে। সরকার যখন করের আওতা সম্প্রসারণ ও রাজস্ব আদায় বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে, তখন বিদ্যমান সেবা খাতের সম্ভাব্য রাজস্ব যথাযথভাবে আদায় না হওয়া অর্থনৈতিকভাবে উদ্বেগজনক। বিবাহ নিবন্ধন খাতের সরকারি প্রাপ্য অর্থ নিশ্চিতভাবে কোষাগারে জমা হলে রাজস্ব সক্ষমতা বাড়ার পাশাপাশি অর্থের অপচয় ও অনিয়ম কমানো সম্ভব হবে।
সমস্যার অন্যতম কারণ প্রাতিষ্ঠানিক জবাবদিহির ঘাটতি। কাজি বা নিকাহ রেজিস্ট্রাররা সরকারি কর্মচারী নন। ফলে তাদের দৈনন্দিন কার্যক্রমের ওপর রাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ সীমিত। অন্যদিকে নিবন্ধন ফি, সরকারি অংশ জমা এবং হিসাব দাখিলের বিধান থাকলেও সেগুলোর বাস্তবায়ন কতটা নিয়মিত, তার পূর্ণাঙ্গ জাতীয় চিত্র নেই। সমন্বিত ডিজিটাল পেমেন্ট ও স্বয়ংক্রিয় হিসাবব্যবস্থার অভাবে অর্থ আদায় থেকে কোষাগারে জমা পর্যন্ত প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করাও কঠিন।
কাজি নিয়োগ ও লাইসেন্স প্রদান নিয়ে ঘুষ, রাজনৈতিক প্রভাব এবং অস্বচ্ছতার অভিযোগও দীর্ঘদিনের। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। পেশায় প্রবেশের ক্ষেত্রে অনানুষ্ঠানিক অর্থ ব্যয়ের চাপ থাকলে পরবর্তী সময়ে সেই ব্যয় অনৈতিক উপায়ে পুনরুদ্ধারের প্রবণতা তৈরি হতে পারে। অর্থনীতির ভাষায় এমন পরিস্থিতি অনুৎপাদনশীল সুবিধা আদায় বা রেন্ট সিকিং প্রবণতাকে উৎসাহিত করে। এর ফলে সেবার ব্যয় বাড়ে, পেশাগত নৈতিকতা ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ নাগরিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।