‘গ্রাম্য গানবাজনা’ নিয়ে হুইপের ‘হুঁশিয়ারি’ যেসব প্রশ্ন তৈরি করে
দেশের সংস্কৃতিচর্চা কোন পথে? গত দুই বছরে দেশজুড়ে সংস্কৃতিচর্চার ওপর নানা আঘাত বা বাধায় এ প্রশ্নের উত্তর পেতে খুব একটা বেগ পেতে হয় না। দেশের সংস্কৃতিচর্চার হালহকিকত কি এর আগেও খুব একটা ভালো ছিল বলা যায়?
২০২২ সালে বাংলা নববর্ষকে সামনে রেখে দেশের কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠকের সঙ্গে আলাপচারিতার আয়োজন করেছিল প্রথম আলো। সেখানে ওঠে আসে এমন সব আলাপ, ‘একটা বিচ্ছিন্নতা ও শূন্যতা তৈরি হয়েছে’, ‘সংস্কৃতিচর্চা থেকে মানুষকে বিচ্ছিন্ন করা হয়েছে’, ‘বর্তমান সরকারও(আওয়ামী লীগ) নিজেদের স্বার্থে ধর্মান্ধ গোষ্ঠীকে ব্যবহার করেছে।’ একই সঙ্গে প্রকাশ পায়, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ নিয়ে শঙ্কা।
সাম্প্রতিক বছরগুলোয় দেশের গ্রামগঞ্জে সংস্কৃতিচর্চা নিয়ে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিবন্ধকতা তৈরি করা নানা প্রচেষ্টা আমরা দেখেছি। তবে জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে মব বা উন্মত্ত জনতার যে আস্ফালনের চরম বহিঃপ্রকাশ ঘটে, তাতে সেই প্রতিবন্ধকতা মাত্রা ছাড়িয়েছেই বলা যায়। জুলাই গণ-অভ্যুত্থানের সাংস্কৃতিক চেতনাও এখানে বড়সড় ধাক্কা খেয়েছে।
মাজারে, ওরসে, কাওয়ালি অনুষ্ঠানে, কনসার্টে, গানের অনুষ্ঠানে ভাঙচুর, বাউল-পালাকারদের ওপর হামলা, সিনেমা প্রদর্শনীতে বাধাসহ অসংখ্য ঘটনা ঘটেছে, যা পরিসংখ্যানগত দিক থেকেই ভীতিকর। বিষয়টি আরও ভীতিকর পর্যায়ে চলে যায় যখন মবের ভাষা উচ্চারিত হয় সরকারের গুরুত্বপূর্ণ পর্যায় থেকেও।
রোববার (৮ নভেম্বর) নিজের নির্বাচনী এলাকায় ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তাঁর দাবি, এলাকার মানুষ এসব গানবাজনা পছন্দ করেন না।
হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘শীত মৌসুমে ওয়াজ মাহফিল, তাফসির বেশি বেশি হবে। কোনো কারণে এসব আয়োজন নিয়ে যাতে উত্তেজনা সৃষ্টি না হয়, ধর্মীয় কোনো অপব্যাখ্যা যাতে না দেওয়া হয়। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ভালোভাবে ভেবেচিন্তে এসব আয়োজনের অনুমোদন দিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।’ এমন নির্দেশনার জন্য তিনি সাধুবাদ পেতে পারেন, কারণ ধর্মীয় হুজুগ তুলে বা ধর্ম অবমাননার নামে যে মববাজি চলছে তার পেছনে ইন্ধনদাতা অনেক ধর্মীয় বক্তা, এ নিয়ে অভিযোগ নতুন নয়।
কিন্তু এরপর জি কে গউছ বলেন, ‘আর এই যে গ্রাম্য গানবাজনা, এগুলো আমাদের এলাকার মানুষ পছন্দ করে না। এগুলো একদম টোটালি আমি অনুরোধ করব যে আস্তা (সমগ্র) জেলা হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ, সোয়া চার লক্ষ ভোটার, আমাকে ভোট দিয়ে (সংসদ সদস্য) বানাইসে, এখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এইডা সেইডা, কী বলে ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন না শুনি।’
বাণিজ্য মেলা, শিল্প মেলা ও বিভিন্ন মেলার আড়ালে অশ্লীলতা, জুয়া বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড যাতে না হয়, বক্তব্যে এসব নিয়েও কথা বলেন জি কে গউছ। এসব মেলা আয়োজনের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। এগুলোকে তিনি ‘বাড়তি জঞ্জাল’ আখ্যা দেন।
তাঁর এমন বক্তব্যে যে স্পষ্ট হুঁশিয়ারি প্রকাশ পাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। হুইপের এমন অবস্থান কিছু প্রশ্ন তৈরি করে। তার সংসদীয় আসনের সোয়া চার লক্ষ ভোটার কীভাবে সংস্কৃতিচর্চা করবে, সেটি কি তিনি তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারেন কী না? বক্তব্যে ওরসের বিষয়ের উল্লেখ কী ইঙ্গিত দেয়? এর মধ্য দিয়ে কি তিনি পির-সুফি ঘরানার ওপর ধারাবাহিক আক্রমণকেই সমর্থন করছেন না?
- ট্যাগ:
- মতামত
- গ্রামীণ জনগণ
- সংস্কৃতি চর্চা