চীনে বিয়ে ও চাকরির প্রলোভন: ফাঁদে পড়ছেন বাংলাদেশি নারীরা
বেশি বেতনে চীনে চাকরি এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নারীদের পাচার করা হচ্ছে—এ-সংক্রান্ত একটি খবর ২০২৪ সালে দেখেছিলাম। মাঝে কিছুদিন বিরতির পর সম্প্রতি আবার খবরে দেখলাম, চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রেখে ১২ নারীকে নির্যাতন করা হয়েছে এবং তাঁদের অনৈতিক কাজের প্রস্তাব দেওয়া হয়েছে।
খবরটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ, ইতোমধ্যে ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ‘বিয়ের মাধ্যমে’ চীনে গিয়েছেন ৪ হাজার ২২৬ জন বাংলাদেশি নারী। এই নারীরা পারিবারিক (কিউ-১) ভিসায় চীন গিয়েছেন। ২০২২ সালে এই সংখ্যা ছিল মাত্র ৩৫ জন। ২০২৫ সালে একই ভিসায় চীনে যাওয়া নারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭২১ জনে। (সূত্র: দ্য ডেইলি স্টার)। সম্প্রতি ভুয়া বিয়ের মাধ্যমে নারীদের চীনে পাচারের খবর সামনে আসার পর এই সংখ্যা প্রকাশিত হয়েছে।
এই ১২ জন নারীকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়েছিল। ভ্রমণের বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই তাঁদের চীনে পাচারের পরিকল্পনা চলছিল। পাচারের ঘটনায় যুক্ত হচ্ছেন বাংলাদেশের পাহাড়ি তরুণীরাও। অবশ্য ‘যুক্ত হচ্ছেন’ না বলে বলা যায়, এই খবরটি প্রকাশ্যে এসেছে।
প্রায় আট-নয় বছর আগে একটি বেসরকারি সংস্থা, যারা পাহাড় ও সমতলের আদিবাসীদের নিয়ে কাজ করে, তারা আদিবাসী নারী পাচারের তথ্য পেয়ে পাহাড়ে গবেষণা চালিয়েছিল। গবেষণাতেও এ রকম তথ্য উঠে এসেছিল। কিন্তু স্পর্শকাতর বিষয় মনে করে তখন তা আর প্রকাশ করা হয়নি।
কিন্তু ২০২৪ সালে ‘আজকের পত্রিকা’র বিশেষ প্রতিবেদনে উঠে এসেছিল, গত সাত বছরে ৮ হাজারেরও বেশি কিশোরী-তরুণীকে চীনে পাচার করা হয়েছে। তাঁদের কাউকে কাউকে যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হয়েছে। আবার অনেককে বাসায় আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছে। জীবন বাঁচাতে কেউ কেউ দেশে পালিয়ে এসেছেন।
প্রতিবেদনটিতে বলা হয়েছিল, এক সন্তান নীতির কারণে চীনে এখন নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি। তাই পুরুষেরা বিয়ের জন্য নারী পাচ্ছেন না। সেই সুযোগ কাজে লাগিয়ে মাঠে সক্রিয় হয়েছে পাচারকারী চক্র।
বাংলাদেশের পাহাড়ি আদিবাসীদের সঙ্গে চীনাদের চেহারার মিল আছে। এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে চক্রের সদস্যরা উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে পাহাড়ি পরিবারগুলোকে মেয়েদের বিয়ে দিতে রাজি করাচ্ছে। দেশেই চীনা নাগরিকদের সঙ্গে বিয়ে বা জাল বিয়ের কাগজ তৈরি করা হচ্ছে। চীনে পৌঁছানোর পর অসহায় ও কম পড়াশোনা জানা এসব মেয়ের অনেকের জীবন ‘অভিশপ্ত নরকে’ পরিণত হয় বলে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।
- ট্যাগ:
- মতামত
- বিয়ে
- ফাঁদ
- মানবপাচার
- চাকরির প্রলোভন