অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়া উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ২০:৪৫
অতিরিক্ত শারীরিক বায়ু ত্যাগের কারণে ঘরের বাতাস দূষিত হচ্ছে—এমন অদ্ভুত অভিযোগে বাড়িওয়ালার কাছ থেকে বাসা খালি করার নোটিশ পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কানাডার টরন্টোর এক কৌতুকশিল্পী দম্পতি।
এস ই গ্রামাট এবং স্যাম ক্রুগার নামের ওই কমেডিয়ান দম্পতি গত ২৯ অক্টোবর টরন্টোর ‘ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ড’-এর গণশুনানিতে এই উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন।
‘ক্রিপি বয়েজ’ (Creepy Boys) মঞ্চ নামে কৌতুক পরিবেশন করা এই দম্পতি টরন্টোর একটি দুই তলা ডুপ্লেক্স বাড়ির নিচতলা এবং আংশিক বেসমেন্ট ভাড়া নিয়ে থাকতেন। বাড়িটির ওপরের তলায় বসবাস করেন খোদ বাড়িওয়ালা।
বাড়িওয়ালার দাবি, ওই দম্পতি ঘরের ভেতরে অবৈধভাবে ধূমপান করেন, যার কারণে এয়ার কোয়ালিটি মনিটর বা বাতাস মাপার যন্ত্রে বিপজ্জনক মাত্রার ধোঁয়া ও রাসায়নিক উপাদান ধরা পড়ছে।