বৈশ্বিক স্ক্রিন টাইমের আড়ালে লুকিয়ে আছে ভিন্ন চিত্র
ঘুম ভাঙার পর প্রথম কাজ কী—হাতের মুঠোফোনের স্ক্রিনে একবার চোখ বুলিয়ে নেওয়া। আর রাতে ঘুমানোর আগের শেষ দৃশ্যটি? ঠিক ওই, নীলচে আলোর পর্দার ওপর আঙুলের অবিরত স্ক্রলিং। আমরা ধরে নিয়েছিলাম, আধুনিক যুগে এই স্ক্রিনপ্রীতি শুধু বাড়বেই, কমার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক ডেটা ও সেন্সর টাওয়ারের স্টেট অব মোবাইল প্রতিবেদন আমাদের সেই ধারণায় বড় এক ধাক্কা দিয়েছে। দৃশ্যপটে এখন এক অদ্ভুত বৈপরীত্য—বিশ্বের কিছু পরাশক্তি ও বড় বাজারে স্ক্রিন টাইম কমতে শুরু করলেও অন্য প্রান্তে চলছে ডিজিটাল আসক্তির নতুন উৎসব।
তবে এই কমার বা বাড়ার গল্প শুধু প্রযুক্তির হিসাব-নিকাশ নয়, এর গভীরে লুকিয়ে আছে মানুষের মানসিকতা, ক্লান্তি এবং আধুনিক জীবনযাত্রার এক অন্য রূপ।
ডিজিটাল ক্লান্তি জেঁকে বসছে
চমকপ্রদ তথ্যটি এসেছে চীন, রাশিয়া ও ব্রাজিলের মতো বড় বাজারগুলো থেকে। ২০২৫ সালের হিসাব বলছে, এই দেশগুলোতে মোট মোবাইল ব্যবহারের ঘণ্টা উল্লেখযোগ্যভাবে কমেছে। শুধু চীনেই এক ধাক্কায় ১৬৪ বিলিয়ন ঘণ্টা থেকে কমে স্ক্রিন টাইম নেমে এসেছে ১৪৮ বিলিয়ন ঘণ্টায়। অর্থাৎ এক বছরে প্রায় ১০ শতাংশ পতন। প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? মনস্তাত্ত্বিকদের মতে, মাত্রাতিরিক্ত স্ক্রিন টাইম বা অনলাইন ফ্যাটিগ এখন মানুষের বাস্তব জীবন গ্রাস করছে। একটানা নোটিফিকেশন, কাজের চাপ আর ভার্চুয়াল দুনিয়ার অন্তহীন ইঁদুরদৌড়ে মানুষ এবার হাঁপিয়ে উঠছে। একপ্রকার সচেতন বা অবচেতন লগ অফ করার প্রবণতা তৈরি হচ্ছে উন্নত বা বড় অর্থনীতিগুলোতে। তারা বুঝতে পারছে, স্ক্রিনের বাইরের বাস্তব পৃথিবীটা অনেক বেশি স্বস্তির। মানুষ এখন স্ক্রিন টাইম কমিয়ে ঘুম, বই পড়া কিংবা সরাসরি মেলামেশার দিকে ঝুঁকছে।
জনসংখ্যার জয়রথ, নাকি ডিজিটাল ক্ষুধা
অন্যদিকে, মুদ্রার অপর পিঠটি সম্পূর্ণ আলাদা। যেখানে একদল মানুষ স্ক্রিন থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, সেখানে ভারত বা ইন্দোনেশিয়ার মতো জনবহুল দেশগুলোতে মোবাইল আর ইন্টারনেটের নেশা শুধু বাড়ছে। ভারত একা একাই ১ দশমিক ২৩ ট্রিলিয়ন ঘণ্টা কাটিয়ে দিয়েছে মোবাইলের স্ক্রিনে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে তিন গুণের বেশি। এখানে প্রযুক্তির ব্যবহার শুধু বিলাসিতা নয়, এটি টিকে থাকার, যোগাযোগের এবং বিনোদনের প্রধান মাধ্যম। নাইজেরিয়া বা পাকিস্তানের মতো দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, সেখানে স্ক্রিন টাইম বেড়েই চলেছে ১৭ শতাংশ পর্যন্ত। এর মানে দাঁড়ায়, বিশ্বের যে অংশটি ডিজিটালাইজেশনের প্রথম ধাক্কা পার হয়ে এখন তার ক্লান্তি দূর করছে, সেই অংশের কাছে ইন্টারনেট সবেমাত্র সম্ভাবনার নতুন দিক খুলে দিয়েছে। এক পক্ষের কাছে স্ক্রিন যখন একঘেয়ে বা ক্লান্তিকর বোঝা, অন্য পক্ষের কাছে তা উন্নতির সিঁড়ি। ডেটা রিপোর্টাল ও সেন্সর টাওয়ার ২০২৬-এর প্রকাশিত রিপোর্টগুলো তুলে ধরেছে চীন, রাশিয়া ও ব্রাজিলের মতো বড় বাজারগুলোতে সামগ্রিক মোবাইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় কমছে। অন্যদিকে ভারত, নাইজেরিয়া ও পাকিস্তানের মতো অঞ্চলে স্ক্রিন টাইম দ্রুত বাড়ছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্ক্রিন টাইম