নিয়মিত কফি পান করলে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি, বলছে গবেষণা
নিয়মিত কফি পান করলে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশজনিত রোগের ঝুঁকি কম থাকতে পারে। দীর্ঘ ৪৩ বছর পর্যন্ত সময় ধরে পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত কফি পান করেন, তাদের মধ্যে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার হার কফি পান না করা ব্যক্তিদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
আমেরিকান ফিজিওলজিক্যাল সোসাইটির অধীনে প্রকাশিত গবেষণায় দেখা যায়, নিয়মিত কফি পানকারীদের প্রতি এক লাখে বছরে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার হার ১৪১ জন। অন্যদিকে, যারা কফি পান করেন না, তাদের ক্ষেত্রে এই হার ৩৩০ জন।
গবেষণার তথ্য অনুযায়ী, প্রতিদিন দুই থেকে তিন কাপ ক্যাফেইনযুক্ত কফি পান করলে মস্তিষ্কের স্বাস্থ্য ও স্মৃতিশক্তির জন্য সবচেয়ে বেশি ইতিবাচক সম্পর্ক দেখা যায়। তবে এর চেয়ে বেশি কফি পান করলে বাড়তি কোনো উপকার পাওয়ার প্রমাণ মেলেনি।
ক্যাফেইনের ভূমিকা গুরুত্বপূর্ণ
গবেষকেরা জানিয়েছেন, ডিমেনশিয়ার ঝুঁকি কম থাকার এই সম্পর্কটি মূলত ক্যাফেইনযুক্ত কফির ক্ষেত্রে দেখা গেছে। ক্যাফেইনমুক্ত কফি পানকারীদের মধ্যে একই ধরনের ইতিবাচক প্রভাব পাওয়া যায়নি। এতে ধারণা করা হচ্ছে, কফির ক্যাফেইন মস্তিষ্কের স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ডিমেনশিয়া
- কফি পানের অভ্যাস