এখনো আমাদের দারিদ্র্য কমানোর স্বপ্নই দেখতে হচ্ছে
জাহিদ হোসেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ। প্রথম আলোর সঙ্গে তিনি কথা বলেছেন বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে।
বাংলাদেশের অর্থনীতি এখন কোথায় দাঁড়িয়ে আছে? বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ ও আশার জায়গা কোনগুলো?
জাহিদ হোসেন: বাংলাদেশের অর্থনীতি একটি নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে। বিশ্বব্যাংক, আইএমএফ কিংবা পিপিআরসির সাম্প্রতিক প্রতিবেদন ও জরিপে সে চিত্রই পাওয়া যায়। আমাদের উন্নয়নের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনগুলোর একটি ছিল দারিদ্র্য কমানো। এখন সেটিই উল্টো দিকে যাচ্ছে। দরিদ্র মানুষের সংখ্যা ও হার দুটিই বাড়ছে। বড় ধরনের পরিবর্তন না এলে সামনের দিনেও এই প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
প্রবৃদ্ধিও দুর্বল হচ্ছে। মূল্যস্ফীতি বাড়ছে; যখন বাড়ছে না, তখনো উচ্চপর্যায়ে আটকে থাকছে। প্রকৃত মজুরি কমছে। কর্মসংস্থান বৃদ্ধিতেও গতি নেই। অর্থনীতি মানুষের জীবনে শেষ পর্যন্ত কী ফল দিচ্ছে, তা বোঝার জন্য এই বিষয়গুলো দেখতে হয়। সেসব জায়গায় পরিস্থিতি ভালো নয়।
তারপরও আশার জায়গা আছে। জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থান দেখিয়েছে, মানুষ অনির্দিষ্টকাল অপশাসন মেনে নেয় না। মতের ভিন্নতা সত্ত্বেও মানুষ একটি লক্ষ্য সামনে রেখে সংগঠিত হতে এবং পরিবর্তন ঘটাতে পারে। অপশাসনের বিরুদ্ধে জবাবদিহি আদায়ের একটি বাস্তব দৃষ্টান্ত তৈরি হয়েছে। কেউ হয়তো কয়েক বছর জবাবদিহি এড়িয়ে চলতে পারে, কিন্তু একসময় তাকে মানুষের মুখোমুখি হতেই হয়।
গণ-অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সম্ভাবনা তৈরি করেছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। অনেক ঘটনায় আশাভঙ্গও হচ্ছে। তারপরও মানুষের সংগঠিত হওয়ার শক্তিকে ছোট করে দেখার সুযোগ নেই। আমাদের অতীতের উন্নয়নেও এই শক্তির ভূমিকা ছিল। নানা প্রতিকূলতার মধ্যেও আয়ু বেড়েছে, দারিদ্র্য কমেছে, শিল্পায়ন হয়েছে। একসময় সাত কোটি মানুষের খাদ্য জোগানো যাবে কি না, তা নিয়ে বড় সংশয় ছিল। কৃষিতে বড় পরিবর্তন এসেছে। আরও অনেক বেশি মানুষের খাদ্যের ব্যবস্থা হয়েছে। অর্থাৎ প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ পরিবর্তন ঘটাতে পারে। এটাই আমার কাছে সবচেয়ে বড় আশার জায়গা।
আগামী ১০-১৫ বছরে আমরা কেমন অর্থনীতি গড়ে তুলতে চাই? তার জন্য এখন থেকেই কোন প্রস্তুতিগুলো নেওয়া দরকার?
জাহিদ হোসেন: স্বাধীনতার ৫৫ বছর পরেও একটি বড় জনগোষ্ঠী দরিদ্র কিংবা দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে। এটি গভীর উদ্বেগের বিষয়। অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি তো মুক্তিযুদ্ধের অন্যতম আকাঙ্ক্ষা ছিল। এত বছর পরেও এত মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়া সেই আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয়। একসময় আমাদের উদ্বেগ ছিল, দারিদ্র্য কমার গতি ধীর হয়ে যাচ্ছে। এখন উদ্বেগ আরও বড়, দারিদ্র্য বাড়ছে। ১০ বছর আগে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে প্রশ্ন করলে হয়তো বলতাম, আগামী দশকে দারিদ্র্য কমিয়ে আনতে চাই। আজও একই স্বপ্নের কথা বলতে হচ্ছে।
আগামী ১০-১৫ বছরের লক্ষ্য হওয়া উচিত দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমানো এবং দারিদ্র্যসীমার ওপরের মানুষকে অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া। শুধু সীমার ওপরে উঠলেই হবে না; অসুস্থতা, কাজ হারানো বা অন্য কোনো ধাক্কায় যেন আবার নিচে নেমে যেতে না হয়। এ জন্য দুটি বিষয় একসঙ্গে ঘটতে হবে, মাথাপিছু আয় বাড়তে হবে এবং আয়বৈষম্য কমতে হবে। আয় বাড়লেও বৈষম্য বাড়তে থাকলে নিচের দিকের মানুষ যথেষ্ট সুফল পাবে না। আবার আয় না বাড়িয়ে শুধু বণ্টনে পরিবর্তন আনলে সবার জীবনমান উন্নয়নের সুযোগ সীমিত থাকবে।
এ জন্য কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও প্রকৃত মজুরি—তিনটিই বাড়াতে হবে। শুধু কাজের সংখ্যা বাড়লেই হবে না; সেই কাজে উৎপাদন এবং শ্রমিকের আয়ও বাড়তে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধির সুফল শ্রমিকের কাছে পৌঁছাতে হবে।
কৃষি, শিল্প ও সেবা—সব খাতেই এই যোগসূত্র তৈরি করা প্রয়োজন। আমাদের অভিজ্ঞতায় কোথাও কর্মসংস্থান বাড়লেও উৎপাদনশীলতা বাড়েনি, আবার কোথাও উৎপাদনশীলতা বাড়লেও কাজের সুযোগ কমেছে। ভবিষ্যতের পরিকল্পনায় এই বিচ্ছিন্নতা কাটানোই বড় কাজ।
বাংলাদেশের অর্থনীতির বড় শক্তি হিসেবে পোশাকশিল্প, প্রবাসী আয় ও কৃষির কথা বলা হয়। ভবিষ্যতেও কি এগুলো আমাদের এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট হবে? নতুন সম্ভাবনা কোথায় দেখছেন?
জাহিদ হোসেন: এই তিনটি খাত বাংলাদেশের উন্নয়নের প্রধান স্তম্ভ। কিন্তু ভবিষ্যতেও শুধু এগুলোর ওপর একইভাবে নির্ভর করে আমরা বেশি দূর যেতে পারব না। এগুলোর সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি অর্থনীতির ভিত্তি আরও বিস্তৃত করতে হবে।
পোশাকশিল্পে এখনো বড় সুযোগ রয়েছে। একই পণ্য নতুন বাজারে নেওয়া এবং পণ্যে বৈচিত্র্য আনার সুযোগ শেষ হয়ে যায়নি। তবে সস্তা শ্রমের যে সুবিধার ওপর আমরা প্রতিযোগিতা করছি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তি তার সামনে চ্যালেঞ্জ তৈরি করছে। তাই অন্য শিল্পও গড়ে তুলতে হবে। চামড়াজাত শিল্প ও হালকা প্রকৌশলসহ কয়েকটি খাতের সম্ভাবনা নিয়ে বহু বছর ধরে আলোচনা হচ্ছে। কিন্তু সেই সম্ভাবনাকে আমরা এখনো প্রত্যাশিত মাত্রায় বাস্তবে রূপ দিতে পারিনি।
কৃষি খাদ্যনিরাপত্তা এবং সংকটের সময়ে মানুষের জীবিকা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনার সময় শহর থেকে গ্রামে ফিরে অনেকে কৃষিতে যুক্ত হয়েছিলেন। কিন্তু কৃষির প্রধান উপকরণ জমি বাড়ানোর সুযোগ নেই; বরং নগরায়ণ ও অবকাঠামোর কারণে আবাদি জমি কমছে। তাই অর্থনীতির বড় সম্প্রসারণ শুধু কৃষির মাধ্যমে হবে, এমন প্রত্যাশা করা যায় না।
প্রবাসী আয়ের ক্ষেত্রেও শুধু বিদেশে কর্মীর সংখ্যা বাড়ানোর একটি সীমা আছে। এখানে নতুন সুযোগ হচ্ছে দক্ষতার পরিবর্তন। মধ্যপ্রাচ্যের বাইরেও জাপান ও পূর্ব ইউরোপের মতো অঞ্চলে বয়স্ক মানুষের পরিচর্যাসহ বিভিন্ন কাজের চাহিদা তৈরি হচ্ছে। সেই চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে হবে।
আরেকটি বড় সম্ভাবনা আধুনিক সেবা খাতে। আমাদের তরুণেরা দেশে, এমনকি গ্রামে বসেও আন্তর্জাতিক বাজারে অনলাইনে কাজ করছেন। এই উদ্যোগ সীমিত পরিসরে গড়ে উঠেছে। প্রয়োজনীয় শিক্ষা, দক্ষতা ও প্রতিষ্ঠান তৈরি করতে পারলে তা অনেক বড় হতে পারে। আমাদের সামনে তাই তিনটি বড় পথ আছে—রপ্তানিতে বৈচিত্র্য আনা, দেশ-বিদেশের চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরি এবং প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক সেবাবাজারে প্রবেশ করা।