এলডিসি উত্তরণে সময় বেড়েছে, চ্যালেঞ্জ কমেনি
গত ২৯ অক্টোবর ২০২৬ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণ করবে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ প্রস্তুতি নেওয়ার জন্য আরও সময় পেল।
এ সময়ে এলডিসি হিসেবে পাওয়া বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা ও বাণিজ্যসুবিধা ধরে রাখার সুযোগও তৈরি হয়েছে। তবে শুধু বাড়তি সময় পেলেই অর্থনীতির দুর্বলতা দূর হবে না। এ জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ ও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশকে এই সুযোগ কাজে লাগিয়ে অর্থনীতিতে কার্যকর ও গভীর সংস্কার করতে হবে।
জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটি (সিডিপি) প্রতি তিন বছর পরপর স্বল্পোন্নত দেশগুলোর অগ্রগতি পর্যালোচনা করে। এ ক্ষেত্রে তিনটি সূচক বিবেচনা করা হয়। এগুলো হলো মাথাপিছু মোট জাতীয় আয়, মানবসম্পদ সূচক এবং অর্থনৈতিক ও পরিবেশগত ঝুঁকি সূচক। কোনো দেশ পরপর দুটি পর্যালোচনায় নির্ধারিত মানদণ্ড পূরণ করলে তাকে এলডিসি থেকে উত্তরণের জন্য বিবেচনা করা হয়। বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবার এবং ২০২১ সালে দ্বিতীয়বার এসব মানদণ্ড পূরণ করে। এরপর সিডিপি বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করে।
কোভিড-১৯ মহামারির কারণে অর্থনীতি ও উন্নয়নের যে ক্ষতি হয়েছিল, তা বিবেচনায় নিয়ে জাতিসংঘ বাংলাদেশ, লাওস ও নেপালকে উত্তরণের প্রস্তুতির জন্য বিশেষভাবে পাঁচ বছর সময় দেয়। ২০২১ সালের ২৪ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের উত্তরণের তারিখ নির্ধারিত হয়েছিল ২০২৬ সালের ২৪ নভেম্বর। সর্বশেষ সিদ্ধান্তে বাংলাদেশ ও নেপালকে আরও তিন বছর সময় দেওয়া হয়েছে।
এই বাড়তি সময় বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি দূর করার এবং উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে। প্রস্তুতিকালে এলডিসি হিসেবে পাওয়া আন্তর্জাতিক সহায়তা ও বাণিজ্যসুবিধার কিছু অংশ প্রচলিত নিয়ম অনুযায়ী অব্যাহত থাকতে পারে। তবে সব বাজারে একই ধরনের সুবিধা পাওয়া যাবে না এবং এসব সুবিধার মেয়াদও এক নয়। তাই বাংলাদেশকে এখন থেকেই প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে আলোচনা করতে হবে। বিশেষ করে উত্তরণের পর কোন বাজারে কত শুল্ক দিতে হবে, পণ্যের উৎপত্তি–সংক্রান্ত কী শর্ত মানতে হবে এবং কীভাবে বাজারে প্রবেশের সুবিধা পাওয়া যাবে, তা পরিষ্কার করতে হবে।
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু শুল্কমুক্ত সুবিধার ওপর নির্ভর করলে চলবে না। বন্দরে পণ্য খালাসের দীর্ঘসূত্রতা, বেশি পরিবহন ব্যয়, নিরবচ্ছিন্ন জ্বালানির অভাব, শুল্ক প্রক্রিয়ার জটিলতা, কম উৎপাদনশীলতা এবং সীমিতসংখ্যক রপ্তানিপণ্যের মতো সমস্যাগুলো দূর করতে হবে। বন্দর ও পরিবহনব্যবস্থার দক্ষতা বাড়াতে হবে। উৎপাদনে সময় ও খরচ কমাতে হবে।
শ্রমিকের অধিকার ও পরিবেশ–সংক্রান্ত আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। একই সঙ্গে বেশি মূল্য সংযোজন হয়, এমন পণ্য উৎপাদনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে হবে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির জন্য উৎপত্তি–সংক্রান্ত নিয়ম ও কারিগরি শর্ত পূরণেও রপ্তানিকারকদের সহায়তা প্রয়োজন।
এ ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ইতিমধ্যে কয়েকটি বাণিজ্যচুক্তি করেছে। এর মধ্যে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি ইতিবাচক পদক্ষেপ। তবে আরও চুক্তি করার আগে সংশ্লিষ্ট দেশের বাজার, সম্ভাবনাময় খাত এবং চুক্তির শর্ত ভালোভাবে পর্যালোচনা করতে হবে।
- ট্যাগ:
- মতামত
- উন্নয়নশীল দেশে উত্তরণ