এম এন লারমার সংগ্রাম আজও যে শিক্ষা দিয়ে যায়

প্রথম আলো মিলিন্দ মারমা প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১৯:৩৬

বাংলাদেশ যখন স্বাধীনতার আনন্দে উদ্বেলিত, সদ্য প্রণীত সংবিধানে জাতির নতুন পরিচয় লেখা হচ্ছে, ঠিক তখনই একজন তরুণ গণপরিষদ সদস্য দাঁড়িয়ে বলেছিলেন এমন কিছু কথা, যা আজও বাংলাদেশের জাতিগত ও সাংস্কৃতিক বহুত্ববাদের প্রশ্নে প্রাসঙ্গিক হয়ে আছে। তাঁর নাম মানবেন্দ্র নারায়ণ লারমা—পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার, আত্মপরিচয় ও রাজনৈতিক স্বীকৃতির সংগ্রামের অন্যতম প্রধান নেতা।


১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটির মহাপুরমে (মাওরুম), তৎকালীন বুড়িঘাট মৌজায় মানবেন্দ্র নারায়ণ লারমার জন্ম। কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে সৃষ্ট কাপ্তাই হ্রদের পানিতে তাঁর জন্মভিটাও একসময় ডুবে যায়। ছাত্রজীবন থেকেই তিনি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অধিকারভিত্তিক আন্দোলনে যুক্ত হন।


১৯৫৭ সালে প্রথম পাহাড়ি ছাত্র সম্মেলন আয়োজনে এম এন লারমা ছিলেন অন্যতম উদ্যোক্তা; ১৯৬১ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ১৯৬৩ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়, ১৯৬৫ সালে তিনি কারামুক্ত হন।

শিক্ষাজীবন শেষে এম এন লারমা শিক্ষকতা ও আইন পেশায় যুক্ত হন। ১৯৭০ সালে পার্বত্য চট্টগ্রাম নির্বাচন পরিচালনা কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।


১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি এম এন লারমা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিসংবলিত চার দফা প্রস্তাব পেশ করেন। একই বছর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠিত হলে তিনি এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন, পরবর্তী সময়ে সভাপতির দায়িত্বও গ্রহণ করেন। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।


গণপরিষদে ঐতিহাসিক প্রতিবাদ


বাংলাদেশের সংবিধানে আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠীসমূহের স্বতন্ত্র জাতিসত্তার স্বীকৃতির পরিবর্তে তাঁদের বাঙালি হিসেবে অভিহিত করার প্রতিবাদে ১৯৭২ সালের ৩১ অক্টোবর তিনি গণপরিষদের অধিবেশন বর্জন করেন। তাঁর এই অবস্থান ছিল জাতিগত পরিচয়, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও রাজনৈতিক অধিকারের প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ। সেদিন বাংলাদেশ গণপরিষদে সংবিধান বিল বিবেচনার (দফাওয়ারি পাঠ) অধিবেশন চলছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অধিকারী আওয়ামী লীগের সদস্য আহমদ রাজ্জাক ভূঁইয়া সংবিধান বিলের ৬ নম্বর অনুচ্ছেদে একটি সংশোধনী উত্থাপন করেন, যাতে বলা হয়—


‘৬. বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে, বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন।’


সেই মুহূর্তে পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত গণপরিষদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, ‘আমি যে অঞ্চল থেকে এসেছি, সেই পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা যুগ যুগ ধরে বাংলাদেশে বাস করে এসেছে। বাংলাদেশের বাংলা ভাষায় বাঙালিদের সঙ্গে লেখাপড়া শিখে আসছি। বাংলাদেশের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের কোটি কোটি জনগণের সঙ্গে আমরা বসবাস করে আসছি। কিন্তু আমি একজন চাকমা। আমার বাপ, দাদা, চৌদ্দ পুরুষ—কেউ বলেনি, আমি বাঙালি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও