শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া বিচারের সঙ্গে ‘মকারি’: প্রধান কৌঁসুলি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘পলাতক’ আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারের সঙ্গে ‘মকারি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাসপোর্ট আইনে দণ্ডিত ও বিচার এড়িয়ে পলাতক ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।
বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদের কথা তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তাকে পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানানোর সুযোগ রয়েছে।
একই অনুচ্ছেদে ফৌজদারি মামলার বিচার এড়ানোর চেষ্টা বা দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও পাসপোর্ট না দেওয়ার সুযোগ রয়েছে।
অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ২০২৪ সালের ৫ অগাস্ট ভারতে চলে যান। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে গতবছর নভেম্বরে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সে কথা তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। এ কারণে ‘খুব সঙ্গত কারণেই’ বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে।